বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন ক্রীড়া আয়োজন, শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম
ছবি: ডেইলি সান
দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আগামী ২৫ অক্টোবর বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটিতে শুরু হবে এ টুর্নামেন্ট। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিতব্য ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে দেশের ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
শনিবার (১০ অক্টোবর) টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টুর্নামেন্ট উপলক্ষে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’। এতে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১০টি বিশ্ববিদ্যালয় হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপার জন্য লড়বে বিশ্ববিদ্যালয়গুলোর দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।
আয়োজকদের ভাষ্য, দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়ার পরিবেশ তৈরির ধারাবাহিক প্রচেষ্টার অংশ এ টুর্নামেন্ট। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটির মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে যে অগ্রযাত্রা চলছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ আয়োজন সেই উদ্যোগকে আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার এমন সুযোগ তাদের জন্য আনন্দের। তাদের মতে, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখতে পারে।
আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া এ টুর্নামেন্ট ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। ক্রিকেট ও ফুটবলের এ যৌথ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভা উঠে আসবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।