‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, আবেগঘন বিদায়বার্তা মেসির
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার জার্সির সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টানার আগে আবেগঘন বিদায়বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ‘শেষ চিঠি’ প্রকাশ করে জাতীয় দলের জার্সির প্রতি নিজের গভীর ভালোবাসা, গর্ব ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফুটবলবিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেসির সেই বার্তা প্রকাশ করেন। একই সময়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টেও মেসি লেখেন, ‘বিশেষ মুহূর্তগুলো, আমি জানি, খুব মিস করব।’
আর্জেন্টিনার জার্সির সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথা তুলে ধরে মেসি লেখেন, ‘মুহূর্তটি এসে গেছে। আমি শান্তিতে বিদায় নিচ্ছি, নিজের সর্বস্ব দিয়েছি।’
এরপর আর্জেন্টিনার জার্সিকে নিজের জীবনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘বছরের পর বছর এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন।’
ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি লেখেন, ‘আমাকে এতটা ভালোবাসার জন্য, সমর্থনের জন্য ধন্যবাদ। আমি সবসময় তোমাদের সঙ্গে করে বয়ে নিয়ে চলব।’
ফ্যাব্রিজিও রোমানো জানান, অ্যাডিডাসের সঙ্গে মেসির এই বার্তা তাঁর ‘শেষ ম্যাচ’-এর আগে প্রকাশ করা হয়েছে। পরে স্টেডিয়ামে যাওয়ার সময় মেসির একটি আপডেটও দেন তিনি। রোমানো লেখেন, ‘লিওনেল মেসি স্টেডিয়ামে যাওয়ার পথে বাসে... শেষবারের মতো।’
এরপর আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মেসির শুরুর একাদশে থাকার বিষয়টিও নিশ্চিত করেন রোমানো। তাঁর পোস্টে লেখা হয়, ‘অফিশিয়াল: ফুটবল ইতিহাসে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে শুরু করছেন মেসি।’
মেসির বিদায়ঘন মুহূর্ত নিয়ে আবেগ প্রকাশ করে রোমানো লেখেন, ‘সত্যিই এটা ঘটছে, তাই তো?’
মেসির এই বিদায়বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ পথচলা, একের পর এক সাফল্য এবং ভক্তদের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের নানা স্মৃতি নতুন করে সামনে এসেছে।