চার ক্যাটাগরিতে ফায়ার ম্যারাথন, নিবন্ধন শুরু ৫ অক্টোবর
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২। চারটি ক্যাটাগরিতে আয়োজিত এ ম্যারাথনে অংশ নিতে নিবন্ধন শুরু হবে আগামী ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে।
‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানে আয়োজিত এ ম্যারাথনের মাধ্যমে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চায় সংস্থাটি। পাশাপাশি অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরি এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ ও হৃদ্যতা বাড়ানোও এ আয়োজনের লক্ষ্য।
ম্যারাথনে ২১ দশমিক ১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ দশমিক ০২ কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে অংশ নেওয়া যাবে। নিবন্ধন ফি যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা। আগ্রহীরা firemarathon102.org ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। ম্যারাথনে সর্বোচ্চ ৫ হাজার ১০২ জন অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ম্যারাথনটি নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডের সামনের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত হবে।
ম্যারাথন আয়োজনের বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার খবর অনেক ক্ষেত্রে দেরিতে পাওয়ায় উদ্ধারকাজে সময় বেশি লাগে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ মানুষের কাছে আরও পরিচিত হলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে।
তিনি আরও বলেন, এ আয়োজনের মাধ্যমে ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার ও সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হবে এবং পারস্পরিক হৃদ্যতা বাড়বে।
নিরাপদ বাংলাদেশ গড়তে অবদান রাখা এবং ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সবার মধ্যে ছড়িয়ে দিতে এআইএমএস সার্টিফায়েড ২০২৬ ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২-এ অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
