ক্রীড়াবিদদের জন্য বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ
৫০০ ক্রীড়াবিদ পাবেন ক্রীড়া কার্ড ও বিশেষ ভাতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পিএম
দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রেল, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।
রবিবার (৪ অক্টোবর) এক মতবিনিময় সভার শুরুতে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, মোট ৫০০ ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হবে। এরই মধ্যে ৩০০ জনকে কার্ড দেওয়া হয়েছে। পারফরম্যান্স পর্যালোচনার পর ৩১ জনকে ভাতা থেকে বাদ দিয়ে নতুন করে ৯৫ জনকে তালিকায় যুক্ত করা হচ্ছে।
তিনি বলেন, রেল, বিমান ও সড়কপথে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার। ক্রীড়াবিদদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এশিয়ান গেমস ও ফুটবলে সাম্প্রতিক ফলাফল নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে কিছু ফল হতাশাজনক হলেও তা নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার সুযোগ নেই। এসব ফল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা।
তিনি জানান, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মূল্যায়ন কমিটিকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এশিয়ান গেমস ও ফুটবলের ফলাফলসহ ক্রীড়াঙ্গনের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হবে।