EN ☀️
×

Follow Us

খেলা

স্পেনে আরও এক ফুটবল ক্লাবের মালিক মেসি

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

স্পেনে আরও এক ফুটবল ক্লাবের মালিক মেসি

ছবি: সংগৃহীত

অ অ

ফুটবল মাঠের সাফল্যের পর ক্লাব মালিকানায়ও নিজের পরিধি বাড়াচ্ছেন লিওনেল মেসি। স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব দেপোর্তিভো এলদেনসের মালিকানা নিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ক্লাবটি মেসির অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে এলদেনসে জানায়, মেসির মাধ্যমে ক্লাবটির অধিগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে শত বছরের বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। তবে মালিকানা পরিবর্তনের জন্য স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন এখনো প্রয়োজন।

ক্লাবটির ভাষ্য, মেসির মতো ক্রীড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের মালিকানায় আসার মধ্য দিয়ে এলদেনসের ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্পের সূচনা হয়েছে।

বর্তমানে এলদেনসে কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও প্রতিষ্ঠানটির ফুটবল ক্লাব রয়েছে।

স্পেনে মেসির দ্বিতীয় ক্লাব

এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ফুটবল ক্লাব। চলতি বছরের শুরুতে বার্সেলোনার পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছিলেন তিনি।

কর্নেয়ার তুলনায় এলদেনসে পেশাদার পর্যায়ের ক্লাব হওয়ায় এবারই প্রথম কোনো পেশাদার ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন মেসি।

একই সময়ে দুটি ক্লাবের মালিকানা নিয়ে ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হয় কি না, সেটিও নজরে থাকবে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই মালিকের দুটি দল একই বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। বর্তমানে এলদেনসে ও কর্নেয়ারের মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে।

এলদেনসের ইতিহাস

১৯২১ সালে প্রতিষ্ঠিত দেপোর্তিভো এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে উন্নীত হয় ক্লাবটি। তবে দুই মৌসুম পর, ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে নেমে যায়।

বর্তমানে এলদেনসে এলদা শহরের ৫ হাজার ৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে।

আরও পড়ুন