EN ☀️
×

Follow Us

খেলা

রোনালদোকে নিয়ে উত্তেজনা, কোচের সঙ্গে বৈঠক চান পর্তুগালের প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

রোনালদোকে নিয়ে উত্তেজনা, কোচের সঙ্গে বৈঠক চান পর্তুগালের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ক্রিশ্চিয়ানো রোনালদোর হঠাৎ পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। বিষয়টি নিয়ে এবার কোচ হোর্হে জেসুসের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্যাম্প ছাড়ার পর থেকেই বিষয়টি নিয়ে পর্তুগালের গণমাধ্যমে আলোচনা চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল।

ঘটনার শুরু নরওয়ের বিপক্ষে পর্তুগালের সর্বশেষ ম্যাচ থেকে। ২-১ গোলে জয় পেলেও পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় রোনালদোকে। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন পর্তুগিজ তারকা।

নরওয়ে ম্যাচের পর দলের অনুশীলনেও যোগ দেননি রোনালদো। পরে কোচ জেসুসের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল, দুজনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা কমেছে।

তবে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেসুসের বক্তব্য পরিস্থিতিকে আবারও আলোচনায় নিয়ে আসে। পর্তুগাল কোচ জানান, দলের কৌশলগত সিদ্ধান্তে কোনো খেলোয়াড় প্রভাব ফেলতে পারবেন না। এমনকি ফুটবলের বাইরের কেউও তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না বলে স্পষ্ট করেন তিনি। এরপরই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদের উদ্দেশে রওনা হন রোনালদো।

পর্তুগালের সংবাদপত্র ‘রেকর্ড’-এর বরাত দিয়ে গোল ডটকম জানায়, ঘটনাটি এবার দেশটির রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়েও পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে যোগাযোগ করেছেন।

রোনালদোর ক্যাম্প ছাড়ার বিষয়টি নিয়ে কোচ জেসুসের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতেই প্রধানমন্ত্রীর এই যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেসুসের সঙ্গে মন্টেনেগ্রোর ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি। সেই সূত্রে পরিস্থিতি নিয়ে কোচের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী প্রধানমন্ত্রী।

এদিকে পর্তুগালের টেলিভিশন নেটওয়ার্ক ‘এসআইসি’ আরও দাবি করেছে, প্রধানমন্ত্রী মন্টেনেগ্রো রোনালদোর সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছেন। তবে এ যোগাযোগের বিস্তারিত বিষয় বা আলোচনার ফলাফল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন