বিশ্বকাপের কাউন্টডাউন শুরু: দলে কারা, সূচি কখন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ এএম
ছবি: সংগৃহীত
কেপটাউন থেকে সরাসরি উন্মোচিত হতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সময়সূচি। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আইসিসি এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে এই সূচি প্রকাশ করবে।
মেগা টুর্নামেন্টটি শুরুর ঠিক এক বছর আগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান থেকেই ক্রিকেটপ্রেমীদের জন্য ম্যাচের টিকিট উন্মুক্ত করা হবে। আগামী বছরের ২ অক্টোবর মাঠের লড়াই দিয়ে শুরু হয়ে পর্দা নামবে ২১ নভেম্বর।
১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে যাওয়া ১০টি দল চূড়ান্ত হচ্ছে আজ বুধবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যেই। আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো সরাসরি খেলবে এই পর্বে।
আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে কোনো সমীকরণ ছাড়াই সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। তবে তিন সহ-আয়োজকের অন্যতম নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায়, তাদের বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বের টিকিট কাটতে হবে ।
র্যাঙ্কিংয়ের মারপ্যাঁচে বাকি ৮টি দল সরাসরি জায়গা পাচ্ছে মূল আসরে। আর ১৪ দলের কোটা পূরণ করতে বাকি ৪টি দলকে আসতে হবে কোয়ালিফায়ার বা বাছাইপর্ব খেলে। টুর্নামেন্টের সূচিতে এই দলগুলোকে ‘কোয়ালিফায়ার ১, ২, ৩ ও ৪’ হিসেবে যুক্ত করা হবে।
আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ের চিত্রটি বর্তমানে —ভারত (১), নিউজিল্যান্ড (২), দক্ষিণ আফ্রিকা (৩), পাকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইংল্যান্ড (৬), শ্রীলঙ্কা (৭), আফগানিস্তান (৮) এবং বাংলাদেশ (৯)।
নবম স্থানে থেকেও নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হয়েছে একটি বিশেষ সমীকরণে। র্যাঙ্কিংয়ের তিনে থাকা দক্ষিণ আফ্রিকা আয়োজক হিসেবে সরাসরি সুযোগ পাওয়ায় কপাল খুলেছে বাংলাদেশের।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব। আগামী বছরের শুরুতে তারা নামবে বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপটি সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি রোমাঞ্চকর পর্বে বিভক্ত থাকবে। মূল পর্বের ১৪টি দলের মধ্যে সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে প্রথমে হবে ‘সুপার সিরিজ’। রাউন্ড রবিন ফরম্যাটের এই সিরিজ থেকে শীর্ষ দল পরবর্তী ধাপে যাবে।
দ্বিতীয় পর্বে মোট ১২টি দল দুটি গ্রুপে (প্রতি গ্রুপে ৬টি দল) ভাগ হয়ে ৩০টি ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল এবং দুই গ্রুপ মিলিয়ে পয়েন্ট টেবিলের পরবর্তী সেরা দলটি টিকিট পাবে ‘সুপার সেভেন’ পর্বের।
সুপার সেভেন পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকে পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। যেখানে টেবিলের এক নম্বর দল লড়বে চার নম্বর দলের সাথে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। শেষ চারের বিজয়ী দুই দল ২১ নভেম্বর ফাইনালে বিশ্বজয়ের ট্রফির জন্য মুখোমুখি হবে।
এদিকে সূচি প্রকাশের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই টিকিটের আবেদন প্রক্রিয়া শুরু করবে আইসিসি। সেদিন সরাসরি টিকিট কেনা না গেলেও, ১ অক্টোবর থেকেই ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য নিজেদের নাম নিবন্ধনের আবেদন করতে পারবেন।