৭০ বছরে অভিষেক, নাতনির নেতৃত্বে খেললেন দাদি
চিলির নারী ক্রিকেট দলে ৭০ বছর বয়সে অভিষেক হলো ইভোনে ভিলদোসোলার
খেলা ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
৭০ বছর বয়সে চিলির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটল ইভোনে ভিলদোসোলার।
চিলির প্রবীণ ব্যাটার ইভোনে ভিলদোসোলা লিখলেন নতুন রেকর্ড। ৭০ বছর বয়সে চিলির জাতীয় নারী ক্রিকেট দল ‘লাস লোইকাস’- এর হয়ে কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হলো তার। মজার বিষয়, এই ম্যাচে চিলি দলের নেতৃত্ব দিয়েছেন তারই ১৬ বছর বয়সী নাতনি ক্যামিলা ওয়ারসে।
এই অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অভিষেককারী খেলোয়াড় হয়ে গেছেন ভিলদোসোলা। তবে সামগ্রিক পেশাদার ক্রিকেটে সবচেয়ে প্রবীণ অভিষেকের রেকর্ড এখনো ভারতের রাজা মহারাজ সিংয়ের দখলে, যিনি ১৯৫০-৫১ মৌসুমে ৭২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন।
ভিলদোসোলার ক্রিকেট যাত্রা শুরু হয় ৭ বছর আগে, ২০১৯ সালে। চিলির নিউবলে অঞ্চলের দল ‘লাস লোইকাস’ তখন একটি মা-মেয়ে ক্রিকেট ইভেন্টের আয়োজন করেছিল। তৎকালীন অধিনায়ক জ্যানেট গার্সেসের উদ্যোগে আয়োজিত সেই ইভেন্টে নাতনি ক্যামিলার অনুরোধে মাঠে গিয়েছিলেন তিনি।
ভিলদোসোলা জানান, প্রথমে ভেবেছিলেন নাতনির বন্ধুদের জন্য রান্না করাই হবে তার কাজ। কিন্তু প্রথমবার ব্যাট হাতে নেওয়ার পর সব হিসাব পাল্টে যায়। মেয়ে লরেতো ও নাতনি ক্যামিলার অনুপ্রেরণায় নিয়মিত অনুশীলন শুরু করেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে কোস্টারিকার বিপক্ষে ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নামেন। অভিষেকে রান করতে না পারলেও তার উপস্থিতিই হয়ে ওঠে বড় বার্তা।
নিজের অনুভূতি জানিয়ে ভিলদোসোলা বলেন, তার তরুণ বয়সে বাস্কেটবল, ভলিবল বা ফুটবলই ছিল জনপ্রিয়, ক্রিকেটে পেশাদার ক্যারিয়ারের কথা তখন ভাবেননি। তবে ল্যাটিন আমেরিকার মানুষ হিসেবে শারীরিকভাবে সক্রিয় থাকার আগ্রহ থেকেই মাঠে নেমেছেন, জেতার চেয়ে অংশগ্রহণকেই দিয়েছেন গুরুত্ব।
দলের অনেক খেলোয়াড়ের বয়স তার চেয়ে প্রায় ৫০ বছর কম। এ নিয়ে হাসতে হাসতে ভিলদোসোলা বলেন, জয়েন্টের সমস্যার কারণে বোলিং করতে পারেন না, তাই ব্যাটিংই তার পছন্দ। নিজের নাতনির নেতৃত্বে খেলাকে তিনি বড় গর্বের বিষয় বলে মনে করেন।
দলের অধিনায়ক নাতনি ক্যামিলা ওয়ারসে বলেন, নানি সবসময় প্রাণবন্ত ছিলেন, কিন্তু তিনি কখনো ভাবেননি তার নানি দলের সতীর্থ হয়ে উঠবেন। মাঠে নানিকে নির্দেশনা দেওয়া মাঝেমধ্যে অদ্ভুত লাগলেও, একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলাটা তার কাছে অসাধারণ আনন্দের।
চিলির একটি স্থানীয় পাখির নামে গঠিত দল ‘লাস লোইকাস’-এর হয়ে ভিলদোসোলার এই অভিষেক প্রমাণ করে, খেলার প্রতি ভালোবাসার সামনে বয়স কেবলই একটি সংখ্যা।