ইনফান্তিনোকে বাঁচাতে পাশে আফ্রিকান ফুটবল কনফেডারেশন
২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচন
খেলা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
বিতর্কের মধ্যেও ক্যাফ সভাপতি প্যাট্রিস মতসেপের সমর্থন পাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফিফা
নানা বিতর্কে জর্জরিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (ক্যাফ)। আগামী ৭ ও ৮ অক্টোবর কেপ ভার্দেতে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি নির্বাচনের আগে বাণিজ্যিক স্বত্ব বিক্রির ব্যর্থ পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে থাকা ইনফান্তিনোর জন্য এই উদ্যোগ বড় স্বস্তির খবর।
এই ‘ক্যাপ স্ট্র্যাটেজি’ সম্মেলনটির আয়োজক ক্যাফ সভাপতি প্যাট্রিস মতসেপে। তিনি ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এই সম্মেলনের মাধ্যমে ইনফান্তিনো আগামী নির্বাচনের আগে আফ্রিকার ৫৪টি সদস্য দেশের সমর্থন নিশ্চিত করতে চাইছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উয়েফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনসহ বিশ্ব ফুটবলের অন্যান্য সংস্থা ইতিমধ্যে ইনফান্তিনোর সমালোচনা করছে এবং তার নেতৃত্বের বিরোধিতা করছে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর তিনি তার সভাপতি মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
এমন পরিস্থিতিতেই ক্যাফ তার পাশে দাঁড়াল। সংস্থাটির নির্বাহী কমিটি গত মাসে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রকাশ করেছে। আফ্রিকার বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনও তাকে সমর্থনের কথা জানিয়েছে।
ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের পরও আফ্রিকান সংস্থাটি কেন ফিফা সভাপতিকে সমর্থন দিচ্ছে, তা নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে।