দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা নিষিদ্ধ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত চলাকালে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষিদ্ধ দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম রয়্যালসের মালিক মো. আবদুল কাইয়ুম রাশেদ এবং চট্টগ্রাম রয়্যালস ও দুর্বার রাজশাহীর সাবেক টিম অপারেশনস ম্যানেজার মো. আমিন খান।
বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তে বিপিএলের ১১তম ও ১২তম আসর ঘিরে দুর্নীতিসংক্রান্ত অভিযোগের বিষয়টি উঠে এসেছে। অভিযোগের মধ্যে রয়েছে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, অনৈতিক প্রস্তাবের বিষয়ে কর্তৃপক্ষকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করা বা বাধা দেওয়ার বিষয়।
রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আমিন খানের বিরুদ্ধে অভিযোগ ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা লঙ্ঘনের।
অভিযোগের বিষয়ে জবাব দিতে দুজনকে ১৪ দিন সময় দিয়েছে বিসিবি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে।