ম্যাচ না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
জাপানের নাগোয়ায় কয়েকদিনের টানা বৃষ্টির কারণে চীনের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াল না। তবে ম্যাচ বাতিল হলেও এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। সকালে বৃষ্টি না হলেও মাঠ খেলার উপযোগী হয়নি। ফলে টসও করতে পারেননি আম্পায়াররা।
মাঠের পরিস্থিতি দেখতে তিনবার পরিদর্শন করেন আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এশিয়ান গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ বাতিল হলেও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে চীনের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল তাই কোনো বল না খেলেই শেষ চারে জায়গা করে নিয়েছে।
এশিয়ান গেমসে বৈরী আবহাওয়া ও মাঠের পরিস্থিতির কারণে আগেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। হাংজু এশিয়ান গেমসেও এমন পরিস্থিতিতে ম্যাচ বাতিল হলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলকে পরের ধাপে পাঠানো হয়েছিল।
এদিকে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের স্থানীয় সময় বিকেল ৪টায় ওসাকায় ম্যাচটি শুরু হবে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৯ সেপ্টেম্বর। তবে ক্রিকেটের লড়াই শুরু হয়েছে দুই দিন আগেই, ১৭ সেপ্টেম্বর।
নাগোয়ায় সেপ্টেম্বর বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময়। তাই বাংলাদেশের ম্যাচেও বৃষ্টির বাধার আশঙ্কা আগে থেকেই ছিল। বৃষ্টির কারণে ম্যাচের আগে পুরোদমে অনুশীলনও করতে পারেননি বাংলাদেশের মেয়েরা।