জানা গেলো কবে হচ্ছে মেসির শেষ ম্যাচ
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ এএম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে নিজের জাদু ছড়ানো লিওনেল মেসিকে শেষবারের মতো ফুটবল মাঠে দেখার সময় চলেই এলো। লাতিন আমেরিকা ছাড়িয়ে গোটা বিশ্বে কোটি সমর্থককে বিদায় জানানোর তারিখ নির্দিষ্ট হয়েছে। আগামী ৬ অক্টোবরই হতে যাচ্ছে মাঠের মেসির শেষ ম্যাচ।
ইতালিয়ান সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানা গেছে, আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন। রোমানো তাঁর পোস্টে এটিকে মেসির ‘লাস্ট ড্যান্স’ হিসেবে উল্লেখ করেছেন। জাতীয় দলের সমর্থকদের বিদায় জানাতেই এই ম্যাচে মেসি মাঠে নামবেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় লাতিন আমেরিকান প্রতিপক্ষ বলিভিয়ার বিপক্ষে প্রথম খেলা। এরপর ৩ অক্টোবর খেলবে এল মনুমেন্টালে আফ্রিকান দেশ বুর্কিনা ফাসোর বিপক্ষে। সর্বশেষ ৬ অক্টোবর, একই মাঠে খেলবে আরেক আফ্রিকান প্রতিদ্বন্দ্বী বেনিনের বিপক্ষে।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের। এরপর থেকেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা নিয়ে চলছিল জল্পনা ও আলোচনা। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ কবে হবে, সেই অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার সমর্থকেরাও। এবার রোমানোর এই ঘোষণায় সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত মিলল।
আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি ম্যাচ দেখতে মাঠে ও টেলিভিশনের পর্দায় অপেক্ষায় থাকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার কোটি ভক্ত-সমর্থকরা। তবে ৬ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে ভিন্ন আবেগের। সেদিন শুধু একটি ম্যাচ হবে না, বিদায় জানাতে হবে সাম্প্রতিক সময়ের প্রিয় এক তারকা ফুটবলারকেও।