EN ☀️
×

Follow Us

খেলা

৩২ বলে ৮২! অভিষেকের ঝড়ে উড়ে গেল আফগানিস্তান

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

৩২ বলে ৮২! অভিষেকের ঝড়ে উড়ে গেল আফগানিস্তান

ছবি: সংগৃহীত

অ অ

দিল্লিতে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে আফগানিস্তানের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দিলেন এই বাঁহাতি ব্যাটার। তার ঝড়ো ব্যাটিংয়ে ১৫৭ রানের লক্ষ্য মাত্র ১৩.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে পেরিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। ফলে টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন চোট কাটিয়ে দলে ফেরা জসপ্রিত বুমরাহ। শুরুতে কিছুটা খরুচে হলেও দ্রুতই ছন্দে ফেরেন ভারতীয় এই পেসার।

সেদিকউল্লাহ অটল ও নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে চতুর্থ ওভারের শেষ বলে রানআউট হন জাদরান। এরপর অর্শদীপ সিংয়ের বলে অটল ও অক্ষর প্যাটেলের বলে গুলবাদিন নাইব আউট হলে বিপদ আরও বাড়ে আফগানিস্তানের। পাওয়ারপ্লে শেষে ৪ উইকেটে ৪২ রান করে তারা।

এরপর নিজের প্রথম ওভারেই দারবিশ রাসুলিকে বোল্ড করে প্রত্যাবর্তন স্মরণীয় করেন বরুণ চক্রবর্তী। ৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আফগানিস্তানের রান ছিল ৪৩।

সেখান থেকে দলকে টেনে তোলেন আজমতউল্লাহ ওমরজাই। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৪ রান করেন তিনি। মোহাম্মদ নবী করেন ৩৩ রান। শেষ দিকে ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে আফগানিস্তান।

ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অর্শদীপ সিং ও বুমরাহ শেষ তিন ওভারে দেন মাত্র ১৫ রান। তবে শেষ ওভারে শিবাম দুবের বলে ওমরজাই ২১ রান তুলে নেওয়ায় ১৫০ পেরোয় আফগানিস্তানের সংগ্রহ।

১৫৭ রানের লক্ষ্য দিল্লির ব্যাটিংবান্ধব উইকেটে ভারতের জন্য খুব বড় ছিল না। যদিও শুরুটা ভালো হয়নি। ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাঞ্জু স্যামসন। এরপর ইশান কিশানকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন অভিষেক।

ফজলহক ফারুকির বলে কভারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। এরপর ওমরজাই ও ফারুকির বলে আরও ছক্কা মেরে চড়াও হন আফগান বোলারদের ওপর। রশিদ খানের বলও সীমানাছাড়া করেন অভিষেক। এরপর একের পর এক চার-ছক্কায় দিল্লির গ্যালারি মাতিয়ে তোলেন তিনি।

শেষ পর্যন্ত মাত্র ৩২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন অভিষেক। তার ইনিংসে ছিল দৃষ্টিনন্দন বাউন্ডারি ও ছক্কার ফুলঝুরি। অন্য প্রান্তে ইশান কিশান করেন ৩৩ বলে ৪২ রান। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ১২১ রানের বড় জুটি।

রশিদ খান উইকেট না পেলেও ভারতের রানের গতি কিছুটা কমানোর চেষ্টা করেন এবং দুটি দুর্দান্ত ক্যাচ নেন। তবে অভিষেকের ঝড় থামানোর কোনো উপায় ছিল না আফগানিস্তানের।

মাত্র ১৩.৪ ওভারেই ১৫৭ রান তুলে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে ভারত। বুমরাহ ও বরুণের প্রত্যাবর্তন, অর্শদীপ-অক্ষরের কার্যকর বোলিংয়ের পর সবশেষে অভিষেকের বিধ্বংসী ব্যাটিং—সব মিলিয়ে দিল্লির রাতটা হয়ে থাকল ভারতের।

আরও পড়ুন