EN ☀️
×

Follow Us

খেলা

মেসির গোলেও জিততে পারল না মিয়ামি

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম

মেসির গোলেও জিততে পারল না মিয়ামি

ছবি: বল নিয়ে ছুটছেন মেসি

অ অ

মেসি দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিকে জয় এনে দিতে পারেনি। ন্যাশভিলের বিপক্ষে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করালেও ইনজুরি সময়ে গোল হজম করে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিয়ামিকে।

মিয়ামির নু স্টেডিয়ামে ৬২ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন মেসি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। কিন্তু ইনজুরি সময়ে সমতাসূচক গোল করেন ন্যাশভিলের স্ট্রাইকার স্যাম সারিজ।

৩৯ বছর বয়সী মেসি ২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ন্যাশভিলের বিপক্ষে ১৪ ম্যাচে ১৭ গোল করেছেন।

ইস্টার্ন কনফারেন্সের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের এই ম্যাচে আরও গোল করার সুযোগ পেয়েছিলেন মেসি। ৫০ মিনিটে তার একটি শট ক্রসবারের নিচের অংশে লেগে ফেরত আসে। ৭৮ মিনিটে আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। শেষদিকে তার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন পালাসিওস। এরপরই সমতা ফেরান সারিজ।

এই ড্রয়ের ফলে বাকি নয়টি ম্যাচ সামনে রেখে শীর্ষ আসনের লড়াইয়ে ন্যাশভিলের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে গেল ইন্টার মিয়ামি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ন্যাশভিলে। চতুর্থ মিনিটে অফসাইড ফাঁদ এড়িয়ে নিচু শটে গোল করেন ইংলিশ স্ট্রাইকার সারিজ।


তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সমতায় ফেরে মিয়ামি। এখানেও ভূমিকা রাখেন মেসি। তার কর্নার কিক থেকে বল মাথায় লাগিয়ে নিজেদের জালেই বল জড়ান ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হুইটিং।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে জয়সূচক গোল করে ফেলেছিলেন মেসি বলেই মনে হচ্ছিল। বক্সের বাইরে থেকে সাবেক আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে বল আদান-প্রদান করে বাঁকানো শটে গোলরক্ষক ব্রায়ান শোয়াকিকে পরাস্ত করেন তিনি।

কিন্তু ব্যবধান বাড়াতে না পারার মাশুল দিতে হয় মিয়ামিকে। ইনজুরি সময়ে কাছ থেকে গোল করে দলকে পয়েন্ট এনে দেন সারিজ।

আরও পড়ুন