EN ☀️
×

Follow Us

খেলা

রুট-কক্সের জুটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ ইংল্যান্ডের

এজবাস্টনে ৮ উইকেটে জিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

রুট-কক্সের জুটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ ইংল্যান্ডের

সেঞ্চুরি জুটি গড়ে ইংল্যান্ডকে জেতালেন জো রুট ও জর্ডান কক্স।

অ অ

জো রুট ও জর্ডান কক্সের অবিচ্ছিন্ন জুটিতে এজবাস্টন টেস্টে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন রুট ও কক্স।

সকালে প্রথম ওভারেই বড় ধাক্কা দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস। ১২৯ রান তাড়া করতে নামা ইংল্যান্ড আব্বাসের প্রথম ওভারেই হারায় দুই উইকেট। তৃতীয় দিন পাকিস্তান যেভাবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল, বোলিংয়েও তেমন কিছু ঘটার শঙ্কা তখন স্বাগতিকদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটতে দেননি রুট ও কক্স।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে ১৯৪ রানে জেতা ইংল্যান্ড এই টেস্টেও দ্বিতীয় দিন পর্যন্ত সহজ জয়ের পথেই ছিল। তবে তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সিরিজের আগের পাঁচ ইনিংসে একবারও দুই শ রান পেরোতে না পারা দলটি তৃতীয় দিনে শেষ ৮ উইকেটে তোলে ৩৯৭ রান। ইনিংস হারের শঙ্কা উড়িয়ে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করায় ১৩০ রানের।

আজ সকালে সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন বেন ডাকেট। ওভারের শেষ বলে এলবিডব্লু হন এমিলিও গে। ২ রানে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তখন উজ্জীবিত, জেগে ওঠে নাটকীয় জয়ের সম্ভাবনাও।

তবে কক্সকে নিয়ে সেই সম্ভাবনা মিলিয়ে দিতে সময় নেননি ইংল্যান্ড অধিনায়ক রুট। পাকিস্তান অবশ্য রুটকেও একবার কাঁপিয়ে দিয়েছিল। মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়েছিলেন তিনি, তবে পরক্ষণেই জানা যায় সেটি ওভারস্টেপিংয়ে ‘নো বল’। তখন ইংল্যান্ডের রান ৩৬, রুটের ২৩। শেষ পর্যন্ত ৬৯ বলে ৬২ রানে অপরাজিত থাকেন রুট, আর কক্স মাঠ ছাড়েন ৭৬ বলে ৫৯ রান নিয়ে।

আরও পড়ুন