মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ।
উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। শনিবার হুলুনবুইর সিটিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দলের হয়ে গোল করেন রিমন সারিকা ও কনা আক্তার।
জাপানের বিপক্ষে হেরে হোঁচট খেলেও শেষটা ভালোভাবেই করল বাংলাদেশ। এলিট পুলের দল মালয়েশিয়াকে হারিয়ে আসর শেষ করল তারা। উইমেন’স জুনিয়র এশিয়া কাপ হকির এবারের আসরে বাংলাদেশ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে, হেরেছে একটিতে।
চ্যালেঞ্জার পুলে চারটি ম্যাচের সবগুলোতেই জিতেছিল বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে পুলে সেরা হয় দল। এরপর কোয়ার্টার-ফাইনালে এলিট পুলে তৃতীয় হওয়া জাপানের বিপক্ষে ২-০ গোলে হেরে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় বাংলাদেশকে। সেই ম্যাচে এলিট পুলে পঞ্চম হওয়া মালয়েশিয়াকে হারিয়ে শেষটা রাঙায় দলটি।
শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই সমানতালে খেলে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে গোল না পেলেও নিজেদের জাল অক্ষত রাখে দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সফল পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশকে এগিয়ে নেন সারিকা। চতুর্থ ও শেষ কোয়ার্টারে কনার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ দিকে মালয়েশিয়া একটি গোল শোধ করলেও উজ্জীবিত বাংলাদেশের জয় আটকাতে পারেনি তারা।