বিশ্বকাপ ফাইনাল আয়োজনের মরক্কোর দাবিতে যা জানালো ফিফা
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে মরক্কোর দাবি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফাইনালের ভেন্যু নিয়ে মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজার বক্তব্য প্রকাশের পর ফিফা তার দাবিকে এক প্রকার উড়িয়ে দিয়েছেন।
ফৌজি লেকজা বৃহস্পতিবার বলেছেন, মরক্কোর বেনস্লিমান শহরে নির্মাণাধীন কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে ফিফা জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপের ফাইনালের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। উপযুক্ত সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে মরক্কোর কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামকে এখনই ফাইনালের আয়োজক হিসেবে নিশ্চিত করার সুযোগ নেই।
এক রাজনৈতিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে লেকজা দাবি করেন, বেনস্লিমানেই হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল। ক্যাসাব্লাঙ্কার কাছাকাছি অবস্থিত শহরটিতে নির্মাণাধীন কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামকে ঘিরেই তার এই প্রত্যাশা। একই সঙ্গে মরক্কোর জাতীয় দলও সেখানে বিশ্বকাপের ম্যাচ খেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লেকজার বক্তব্যের পরই ফিফার পক্ষ থেকে জানানো হয়, ফাইনালের ভেন্যু নির্ধারণের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। অর্থাৎ মরক্কোর কিং দ্বিতীয় হাসান স্টেডিয়াম কিংবা অন্য কোনো ভেন্যু—কোনোটিকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বেছে নেওয়া হয়নি।
প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক। নির্মাণকাজ শেষ হলে এটি পরিচিতি পেতে পারে বিশ্বের অন্যতম বড় ফুটবল স্টেডিয়াম হিসেবে।
২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে মরক্কোর সঙ্গে রয়েছে স্পেন ও পর্তুগাল। ফাইনাল আয়োজনের দৌড়ে মরক্কোর পাশাপাশি স্পেনও নিজেদের দেশে এই ম্যাচ আয়োজন করতে আগ্রহী। ফলে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি কোথায় হবে, সেই সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে।