জুনিয়র এশিয়া কাপ হকি
জাপানের কাছে হেরে বিশ্বকাপের আশা শেষ বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে জাপান। আজ মাঠের খেলাতেও এই পার্থক্য স্পষ্ট হয়েছে। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জুনিয়র এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
এই হারে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।
বাংলাদেশ এখন আগামী শনিবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে দল হারবে, তারাই হবে এই ম্যাচের প্রতিপক্ষ।
গ্রুপ পর্বে দাপট দেখিয়েই শেষ আটে উঠেছিল আরিফ আলীর দল। চার ম্যাচের চারটিতেই জিতে গ্রুপসেরা হয়েছিল বাংলাদেশ। তবে আজ শক্তিশালী জাপানের বিপক্ষে আর কুলিয়ে উঠতে পারেনি তারা। তিনবার হকির জুনিয়র বিশ্বকাপ খেলা জাপান ম্যাচের সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশের রক্ষণে চাপ বাড়িয়েছে। দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে হিরাই ইয়োশিনোর পেনাল্টি স্ট্রোক থেকে করা গোলে প্রথম এগিয়ে যায় জাপান।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের মেয়েরা দুটি ভালো আক্রমণ করে গোলের আশা জাগিয়েছিল। তবে কোনোটিই জাপানের জালে পৌঁছায়নি। শেষ কোয়ার্টারে গোল শোধ করার বদলে উল্টো আরও এক গোল খেয়ে বসে বাংলাদেশ। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।
এর আগে গ্রুপ পর্বে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়েছিল তারা।