১৬০০ টাকা দামে বাংলা বর্ণমালার সাজে জামাল-মারিয়াদের নতুন জার্সি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অডিটোরিয়ামে জাতীয় দলের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলা ভাষা ও বর্ণমালার আলোকে তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। ক্রীড়াপ্রেমীদের আগ্রহের শীর্ষে থাকা অফিসিয়াল এ জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বরসহ সংস্করণটির দাম পড়বে ১৭০০ টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনের অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় দলের দুই জার্সি- হোম ও অ্যাওয়ে উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। জাতীয় দলের নতুন জার্সি তৈরি করেছে দেশীয় ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক ও বাফুফের অফিশিয়াল জার্সি পার্টনার প্রতিষ্ঠান ‘দৌড়’।
এ অনুষ্ঠানেই বাফুফেকে আনুষ্ঠানিকভাবে ২২ বছরের জন্য কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে এনএসসি।
আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আসিয়ান কাপ শুরু করবে জামাল ভূঁইয়াদের দল। অন্যদিকে ১৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের ফুটবল ইভেন্ট শুরু করবে মারিয়া মান্দাদের নারী দল। তাঁদের প্রথম ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। দুই দলের এই অভিযাত্রা সামনে রেখে ‘দৌড়’ নতুন জার্সির উন্মোচন করে।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছ থেকে ‘দৌড়’ ১ হাজার ৩০০ ডিজাইন পান। সেখান থেকে ৩৪টি উপাদান বাছাই করে তৈরি করা হয়েছে এই জার্সি।
নতুন ‘হোম’ জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে সাদা রঙকে। এর কলার ও দুই পাশে রয়েছে লাল রঙের ছোঁয়া। জার্সির কাপড়ে জলছাপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার অবয়ব। বুকে রয়েছে বাফুফের লোগো এবং লাল রঙে মুদ্রিত জার্সি নম্বর। এর সঙ্গে খেলোয়াড়দের জন্য থাকছে লাল শর্টস ও সাদা মোজা।
অন্যদিকে, ‘অ্যাওয়ে’ জার্সিতে রাখা হয়েছে লাল ও সবুজের মেলবন্ধন। সবুজ জার্সির কাঁধে রয়েছে লাল স্ট্রাইপ। জার্সির সামনের অংশে এমবুসড টেক্সচারে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণ ও হরফ। এতে জার্সির নম্বর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো রাখা হয়েছে সাদা রঙে। অ্যাওয়ে জার্সির সঙ্গে থাকছে সবুজ শর্টস ও সবুজ মোজা।
অফিশিয়াল ম্যাচ জার্সির দাম তুলনামূলক বেশি হওয়ার কারণ হিসেবে দৌড়’-এর স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী বলেন, ‘‘ফেব্রিকের কারণে দামটা একটু বেশি। তবে সামনে আমরা ফ্যান এডিশন করছি, যেটা ৭০০-৮০০ টাকার মধ্যে হতে পারে। বাফুফের অনুমোদন পেলে এটা বাজারে ছাড়া হবে।”