প্রথমবার ব্যালন ডি’অর জেতার আশা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জেতার জন্য এই বছরটাই সেরা সময় হতে পারে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত মৌসুমে রিয়ালের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন ২৭ বছর বয়সী এই তারকা।
রিয়াল মাদ্রিদের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি এমবাপে। তবে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন তিনি। এ ছাড়া বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ডও এখন তার দখলে।
ব্যালন ডি’অর প্রসঙ্গে এমবাপে বলেন, বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেললে মানুষ স্বাভাবিকভাবেই সেই খেলোয়াড়কে এই পুরস্কারের সঙ্গে মিলিয়ে দেখে। তার মতে, হয়তো এই বছরটিই তার জন্য ব্যালন ডি’অর জেতার সবচেয়ে ভালো সুযোগ।
আগামী ২৬ অক্টোবর এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাজিতে এমবাপের চেয়ে এগিয়ে আছেন আরও তিনজন খেলোয়াড়। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে ৫১ ম্যাচে রেকর্ড ৬১ গোল এবং বিশ্বকাপে ছয় গোল করা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন রয়েছেন তালিকার শীর্ষে। এরপরই ফেভারিটের তালিকায় আছেন বার্সেলোনা ও স্পেনের হয়ে আলো ছড়ানো লামিনে ইয়ামাল এবং তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রি।
সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) সাম্প্রতিক সাফল্য নিয়েও কথা বলেছেন এমবাপে। তার বিদায়ের পর টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগ জিতেছে পিএসজি। এমবাপে বলেন, সাবেক ক্লাবের এই সাফল্য তিনি পরিবর্তন করতে পারবেন না এবং এ নিয়ে তিনি খুব একটা চিন্তিতও নন।
মোনাকো দিয়ে ক্যারিয়ার শুরু করা এমবাপে পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাবটির হয়ে ৩০৮ ম্যাচে তিনি করেছেন ২৫৬ গোল। ফ্রান্সের জার্সিতেও তিনি সর্বোচ্চ গোলদাতা, ১০৬ ম্যাচে করেছেন ৬৬ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১০৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯০।
ব্যক্তিগত সাফল্যেও এমবাপের ঝুলি বেশ ভারী। লিগের গোল্ডেন বুট জিতেছেন টানা আটবার—এর মধ্যে লিগ ওয়ানে ছয়বার এবং লা লিগায় দুইবার। এ ছাড়া বিশ্বকাপে দুটি এবং চ্যাম্পিয়নস লিগেও দুটি গোল্ডেন বুট রয়েছে তার। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতলেও ক্লাব ক্যারিয়ারে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হয়নি তার।
রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক শিরোপাহীনতা নিয়ে এমবাপে জানান, দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে বেশি না ভেবে দলের পরবর্তী ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগে ভালো শুরুর দিকেই মনোযোগ দিতে চান তিনি।