এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে টানা জয় বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
রবিবার চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকেন বাংলাদেশের খেলোয়াড়রা। দাপুটে এই জয়ে দলের পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে—লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া বল জালে জড়ান।
টানা জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ নারী হকি দল পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে কাজাখস্তানের।