EN ☀️
×

Follow Us

খেলা

এগিয়ে থেকেও চীনের কাছে হেরে গেল বাংলাদেশ হকি দল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

এগিয়ে থেকেও চীনের কাছে হেরে গেল বাংলাদেশ হকি দল

জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে চীনের বিরুদ্ধে লড়াইয়ে নামেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলের খেলোয়াড়েরা।

অ অ

এগিয়ে থেকেও লিড ধরে রাখতে না পেরে জুনিয়র এশিয়া কাপে হারের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোল ব্যবধানে হেরেছে তারা। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী রবিবার মালয়েশিয়ার বিপক্ষে।

শুক্রবার চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের ৬ মিনিটে ওয়াং ইউবোর পেনাল্টি কর্নার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে এক মিনিট পরই জনি ইসলামের দর্শনীয় ফিল্ড গোলে সমতায় ফেরে সফরকারীরা। দ্বিতীয় কোয়ার্টারে আধিপত্য দেখিয়ে ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে রক্ষণের ভুলের মাশুল গুনতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের। ৪৪ মিনিটে চীনের ছিউ ওয়েনশুয়ান পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। শেষ কোয়ার্টারে বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। উল্টো ৫৩ মিনিটে চীনা ফরোয়ার্ড সুন জিংরান জয়সূচক গোলটি করেন।

নবমবারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৯৯৬ সালে শেষ চারে ওঠাই এই টুর্নামেন্টে দলটির সর্বোচ্চ সাফল্য। দশ দলের টুর্নামেন্টটিতে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হলো পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান।

আরও পড়ুন