EN ☀️
×

Follow Us

খেলা

সব জিতেও মেসির মনে রয়ে গেছে পুরোনো ক্ষত

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

সব জিতেও মেসির মনে রয়ে গেছে পুরোনো ক্ষত
অ অ

সবকিছু জেতার পরও কিছু কষ্ট থেকে যায়। মেসির আর্জেন্টিনা অধ্যায়ও যেন তেমনই এক গল্প। বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপা জিতিয়ে দেশকে গৌরবান্বিত করলেও, জাতীয় দলের হয়ে তার কঠিন সময়ের স্মৃতি এখনো মুছে যায়নি। আর্জেন্টিনাকে বিদায় জানানোর আগে দেওয়া আবেগঘন বার্তায় সেই পুরোনো কষ্ট, ভালোবাসা আর নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার কথাই যেন আবার সামনে আনলেন মেসি।

আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জনের তালিকাও বেশ দীর্ঘ। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ২০৭টি ম্যাচ এবং করেছেন ১২৫ গোল। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার দিক থেকে তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

মেসির চেয়ে বেশি বিশ্বকাপ বা কোপা আমেরিকার ফাইনালে কোনো খেলোয়াড় তার দেশকে নেতৃত্ব দিতে পারেননি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দেন তিনি। অনেকের কাছে সেই সাফল্যের পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে ‘সর্বকালের সেরা’ বিতর্কেরও অবসান ঘটে।

তবে মেসির বিদায়ের ক্ষেত্রে তার সাফল্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তার নিজের বক্তব্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসি লিখেছেন, এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে এবং এখনো আমার ভেতরে ব্যথা দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।

মেসি আরও বলেন, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, আগের কঠিন সময়গুলোতেও আমার সর্বস্ব দিয়েছি। আমি সবসময় এই জার্সির জন্য লড়াই করেছি এবং নিজের সবটুকু দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে তোমাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে পারি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার প্রতি নিজের ভালোবাসার কথাও স্পষ্ট করেছেন মেসি। তিনি লিখেছেন, আর বেশি সময় বাকি নেই। অধ্যায়গুলো একে একে শেষ হয়ে আসছে। এটি এমন একটি অধ্যায়, যা আমাকে গভীরভাবে কষ্ট দেয়। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব।

মেসির ভাষায়, আমি এই শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সঙ্গে মিলে আমি তোমাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলো আমরা একসময় শুধু স্বপ্নেই কল্পনা করতাম।

মেসির বিদায়ী বার্তায় একটি বিষয় বিশেষভাবে নজরে পড়ে। মাত্র ৩১৮ শব্দের ওই পোস্টে তিনি বারবার বলেছেন, কঠিন সময়েও তিনি আর্জেন্টিনার হয়ে নিজের সর্বস্ব দিয়েছেন। তিনি আরও স্পষ্ট করেছেন, জাতীয় দলের জার্সিতে খেলাটা তিনি সবসময় ভালোবেসেছেন।

অর্থাৎ, আর্জেন্টিনার হয়ে সাফল্যের শীর্ষে ওঠার আগে যে কঠিন সময় এবং সমালোচনার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, সেগুলো মেসি এখনো ভুলে যাননি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ ও কোপা আমেরিকার সাফল্য তাকে সেই পুরোনো কষ্টের ওপর এক ধরনের শান্তি এনে দিয়েছে। সেই শান্তি ও গর্ব নিয়েই আর্জেন্টিনা অধ্যায় শেষ করতে চান এই কিংবদন্তি।

আরও পড়ুন