স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার, ক্ষুব্ধ পিসিবি
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে দীর্ঘদিন কারাগারে বন্দি রাখা এবং তার শারীরিক অবস্থা নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের লর্ডস টেস্ট চলাকালে ইমরানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকার প্রচার করেছে স্কাই স্পোর্টস। এ ঘটনায় সম্প্রচারমাধ্যমটির ওপর ক্ষোভ প্রকাশ করেছে পিসিবি।
ইএসপিএনক্রিকইনফো ও দ্য গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারটি প্রচার নিয়ে স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে পিসিবি।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই স্পোর্টসের সম্প্রচারক মাইকেল আথারটন সাক্ষাৎকারটি নেন। বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতিতে প্রায় ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান সুলেইমান ও কাশিম।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের বাইরে থেকেও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন দেশের ২১ সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারকে চিঠি দিয়ে তার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ জানান। ছয় মাসের ব্যবধানে এটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন ছিলেন আথারটন।
এর আগেও ইমরান খানকে ঘিরে পাকিস্তান সরকারের ভূমিকার সমালোচনা করেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। তার ভাষ্য, ‘রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।’
ক্রিকইনফোর প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করেছিল পিসিবি। অনুষ্ঠানটি প্রচার না করার জন্য বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এমনকি সাক্ষাৎকার প্রচার করা হলে লাঞ্চ বিরতির পর পাকিস্তানি ক্রিকেটাররা মাঠে নাও নামতে পারেন—এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে পিসিবির আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। কিছুটা বিলম্বের পর ১৮ মিনিটের পুরো সাক্ষাৎকারই সম্প্রচার করা হয়। দ্বিতীয় সেশনে পাকিস্তানি ক্রিকেটাররাও নির্ধারিত সময়েই মাঠে নামেন।
আথারটন বুধবার সকালে লর্ডসের রাইটার্স রুমে ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নেন। টেস্ট শুরুর আগে সাক্ষাৎকারটির একটি টিজারও প্রচার করেছিল স্কাই স্পোর্টস। পাকিস্তানে সিরিজটির সম্প্রচার করছে পিটিভি। তবে ইমরানের ছেলেদের ওই সাক্ষাৎকারটি সেখানে প্রচার করা হয়নি।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে না এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ করে আসছে বিরোধী দল। একই সঙ্গে ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগও রয়েছে তাদের। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।
২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইমরান খান। ২০২২ সালে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন তিনি। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ ও মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে ইমরান খান ও তার দল।
ক্রিকেটার হিসেবেও ইমরান খান পাকিস্তানের ইতিহাসের অন্যতম সফল ব্যক্তিত্ব। দেশটির হয়ে তিনি ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। অলরাউন্ডার ও পেসার হিসেবে তার অসাধারণ ক্যারিয়ারের পাশাপাশি অধিনায়ক হিসেবেও রয়েছে বড় সাফল্য।
১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রায় বিদায়ের দ্বারপ্রান্ত থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড় করিয়ে শিরোপা এনে দেন ইমরান। তার নেতৃত্বে পাওয়া সেই বিশ্বকাপ জয় আজও পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়।