নতুন নিয়মে শাস্তি পেলেন নেইমার
গোলকিপারের কালক্ষেপণের দায় গিয়ে পড়ল দলের তারকা ফরোয়ার্ডের ওপর, মাঠের বাইরে থাকতে হলো এক মিনিট
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
সান্তোসের জার্সিতে নেইমার। ব্রাজিলের সিরি আ লিগের নতুন সময়ক্ষেপণবিরোধী নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হলেন তিনি।
ফুটবলে সময়ক্ষেপণ রোধে নতুন এক পরীক্ষামূলক নিয়ম চালু করেছে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি আ। এই নিয়ম অনুযায়ী, কোনো গোলকিপার ইচ্ছাকৃতভাবে খেলা বিলম্বিত করলে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। নতুন এই নিয়মের প্রথম শাস্তিপ্রাপ্ত খেলোয়াড় হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ও সান্তোসের অধিনায়ক নেইমার।
ঘটনাটি ঘটে সান্তোসের এক লিগ ম্যাচে। খেলার একপর্যায়ে সান্তোসের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য রেফারির কাছে খেলা বন্ধের আবেদন জানান। নিয়ম অনুযায়ী, খেলা পুনরায় শুরু হওয়ার আগে কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে সান্তোসের কোচ কাউকে নির্বাচন করতে ব্যর্থ হন।
নতুন বিধান অনুসারে, কোচ সময়মতো কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করতে না পারায় রেফারি দলের অধিনায়ক নেইমারকে এক মিনিটের জন্য মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন। ফলে এই পরীক্ষামূলক নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে ফুটবল ইতিহাসে নাম লেখান ব্রাজিলিয়ান সুপারস্টার।