২০২৬-২৭ মৌসুমেই ফুটবলকে বিদায় জানাতে পারেন রোনালদো
তবে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেননি তিনি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
ফুটবল ক্যারিয়ারের শেষ সময়টা বোধ হয় খুব কাছেই চলে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা জানিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমই সম্ভবত তার খেলোয়াড়ি জীবনের শেষ বছর হতে যাচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি তিনি।
বিখ্যাত সাময়িকী ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি এমন এক কীর্তি রেখে যেতে চাই, যা মানুষ আজীবন মনে রাখবে।’
অবসর-পরবর্তী জীবন নিয়েও ভাবতে শুরু করেছেন রোনালদো। ফুটবল ছাড়ার পর কীভাবে সময় কাটাবেন—জানতে চাইলে তিনি বলেন, তার সামনে করার মতো অনেক কিছুই আছে।
রোনালদোর ভাষায়, ‘আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু আছে, তাই শুধু একটি বিষয় বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটা শূন্যতা তৈরি হতে পারে। সে সময় আমাকে একটি নয়, বিভিন্নভাবে সেই শূন্যতা পূরণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আরও বেশি আনন্দ করতে চাই, আরও ভ্রমণ করতে চাই, প্যাডেল খেলতে ও দেখতে চাই—যা আমি সত্যিই পছন্দ করি। আর আমি যা অর্জন করেছি, তা উপভোগ করে যেতে চাই। এটা ২৫ বছরের এক দীর্ঘ পথচলা, যেখানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’
রোনালদোর এসব মন্তব্যের পর তার অবসর নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।
দুই দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা রোনালদো ২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রথমবারের মতো মাঠে নামেন। এরপর তিনি খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন।
ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পেলেও রোনালদোর ট্রফির তালিকায় নেই বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০২৬ বিশ্বকাপেও পর্তুগালকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ফলে ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি তার অধরাই থেকে গেছে।
ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পেলেও রোনালদোর ট্রফির তালিকায় নেই বিশ্বকাপ। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ২০২৬ বিশ্বকাপেও পর্তুগালকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। ফলে ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি তার অধরাই থেকে গেছে।
তবে ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর ব্যক্তিগত অর্জনের তালিকা বিশাল। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি এ পর্যন্ত করেছেন ৯৭৬টি গোল। সামনে তার অন্যতম বড় লক্ষ্য এখন ১০০০ গোলের মাইলফলক ছোঁয়া।
সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো।