EN ☀️
×

Follow Us

খেলা

ভারতের জায়গায় আসিয়ান কাপে বাংলাদেশ ফুটবল দল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম

ভারতের জায়গায় আসিয়ান কাপে বাংলাদেশ ফুটবল দল

ভারতের জায়গায় ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ‘আসিয়ান কাপ’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

অ অ

দক্ষিণ এশীয় ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার আসিয়ান অঞ্চলের টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া ‘আসিয়ান কাপ’-এ ভারতের বদলে খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির এক বিশেষ সভায় টুর্নামেন্টটিতে অংশগ্রহণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

মূলত ভারত শেষ মুহূর্তে দল প্রত্যাহার করায় বাংলাদেশের সামনে এই নতুন দুয়ার খুলেছে। টুর্নামেন্টের প্রাথমিক তালিকায় দক্ষিণ এশিয়া থেকে ভারতের নাম থাকলেও, আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ভারতের এই শূন্য আসনেই শেষ মুহূর্তে ডাক পায় বাংলাদেশ।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাফুফের ওপর কোনো আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে না। ফুটবলারদের যাতায়াত, আবাসন ও থাকা-খাওয়াসহ সব খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। তা ছাড়া অংশগ্রহণকারী দলগুলোকে বিশেষ অর্থ সহায়তাও দেওয়া হবে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ঢাকায় নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন অথবা কিরগিজস্তানে আমন্ত্রিত হয়ে খেলতে যাওয়ার বিষয়ে বাফুফে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিল। ফিফার অর্থায়নে আসিয়ান কাপে খেলার নিশ্চয়তা মেলায় সেই সংকট কাটিয়ে নতুন সূচি নির্ধারণের সুযোগ পেল বাফুফে।

আরও পড়ুন