EN ☀️
×

Follow Us

খেলা

ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারকে মারলেন পারদেস, কারণ কী?

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

ফাইনাল হেরে স্পেনের দুই ফুটবলারকে মারলেন পারদেস, কারণ কী?
অ অ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা খোয়ানোর পর এবার চরম অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে জড়ালেন লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ হেরে মেজাজ ধরে রাখতে না পেরে স্প্যানিশ দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে মারধর করেছেন আর্জেন্টিনার এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জঘন্য এই ঘটনার পর ফুটবল মহলে সমালোচনার ঝড় বইছে।

ঠিক কী ঘটেছিল মাঠে?

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্ব জয়ের আনন্দে মেতে ওঠেন স্প্যানিশ ফুটবলাররা। ঠিক তখনই স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লিয়ান্দ্রো পারেদেস। কথা-কাটাকাটির একপর্যায়ে নিজের ক্ষোভ সামলাতে না পেরে গার্সিয়াকে সোজাসুজি ঘুষি মেরে বসেন তিনি। এতে মাঠের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

সতীর্থকে রক্ষা করতে দ্রুত এগিয়ে আসেন স্প্যানিশ তরুণ মিডফিল্ডার গাভি। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনার মধ্যে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও; তিনি গাভিকে জোরপূর্বক ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর ঠিক তখনই পারেদেস সরাসরি গাভির মুখে সজোরে আঘাত করেন। আঘাত পেয়ে গাভি মাটিতে লুটিয়ে পড়েন এবং কোনোমতে নিজেকে রক্ষা করেন।

পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে দৌড়ে ঘটনাস্থলে আসেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি নিজে উদ্যোগী হয়ে পারেদেসকে টেনে সরিয়ে নিয়ে যান এবং শান্ত করার চেষ্টা করেন। মাঠে দাঁড়িয়ে থাকা সহকারী রেফারি পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন এবং কিছুক্ষণ পর প্রধান রেফারি মাঠেই পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান।

তবে ঠিক কী কারণে পারেদেস এভাবে ক্ষিপ্ত হয়ে তেড়ে গিয়েছিলেন, সে বিষয়ে আর্জেন্টাইনদের কারো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ম্যাচের পর কোচ স্কালোনি ছাড়া দলের অন্য কোনো সদস্য সংবাদমাধ্যমের সামনে কথা বলেননি।

আর্জেন্টাইন ফুটবলারদের এমন মারমুখী ও অসংযত আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক বিশ্বতারকা ও ফুটবল বিশ্লেষকেরা।

আইটিভিতে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল বলেন, ‘এটি অত্যন্ত লজ্জাজনক। আমি আর্জেন্টাইনদের লড়াই করার মানসিকতা পছন্দ করি, কিন্তু গত কয়েকটি ম্যাচে তাদের আচরণ খুবই হতাশাজনক ছিল।’

বিবিসিতে আরেক সাবেক তারকা অ্যালান শিয়ারার বলেন, ‘পারেদেস একজনের মুখে দুই-তিনবার আঘাত করেছে। ফুটবলে এর কোনো স্থান নেই। আমরা জানি ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং হারলে কতটা কষ্ট হয়, কিন্তু হার মেনে নেওয়ারও একটা উপায় থাকে। আর্জেন্টিনার কাছ থেকে আমরা এমন আচরণ আগেও দেখেছি। ম্যাচ শেষের প্রতিক্রিয়াটি ছিল খুবই বাজে।’

সাবেক গোলরক্ষক জো হার্ট ‘দ্য মিরর’কে বলেন, ‘বিরক্তিকর আচরণ। মাঠে একজন মানুষের মধ্যেই ভদ্রতা ছিল, তিনি লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছেন। আজকের ম্যাচে আর্জেন্টিনার কোনো অভিযোগ করার সুযোগ নেই, জঘন্য আচরণ।’

আরও পড়ুন