EN ☀️
×

Follow Us

খেলা

কালশী বস্তিতে আনসারের ফুটবল উৎসবে শিশুদের উচ্ছ্বাস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম

কালশী বস্তিতে আনসারের ফুটবল উৎসবে শিশুদের উচ্ছ্বাস

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কাছে পৌঁছে দিতে রাজধানীর কালশী বস্তিতে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অংশ হিসেবে ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিটি সফল গোলের সঙ্গে তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ডিএমএ) মো. আসাদুজ্জামান গনী বলেন, বিশ্বকাপ ফুটবলের আনন্দ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের উদ্দেশ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররাও যেন এই বৈশ্বিক উৎসবের আনন্দে শামিল হতে পারে, সে লক্ষ্যেই ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’-এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে চারটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম ক্যাটাগরিতে পাঁচজনকে স্কুলব্যাগ, দ্বিতীয় ক্যাটাগরিতে আটজনকে ছাতা, তৃতীয় ক্যাটাগরিতে আটজনকে পানির পট এবং চতুর্থ ক্যাটাগরিতে নয়জনকে পেন্সিল বক্স দেওয়া হয়। এছাড়া নির্ধারিত লক্ষ্যে গোল করতে না পারলেও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহ দিতে কলম উপহার দেওয়া হয়।

শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে কালশী বস্তি এক প্রাণচঞ্চল ফুটবল উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানটি ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং ইতিবাচক জীবনবোধ গড়ে তোলার কার্যকর মাধ্যম। বিশ্বকাপ উপলক্ষে এমন আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (মিডিয়া সেল, সদরদপ্তর) ও অধিনায়ক (এজিবি) মো. আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডার, থানা কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন