৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শেষ
৮ নতুন জাতীয় রেকর্ড, পদক তালিকায় শীর্ষে বিকেএসপি
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:০৫ পিএম
চার দিনব্যাপী ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শেষ দিনে সাঁতারের ২০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সাঁতারুরা নিজেদের সামর্থ্যের স্বাক্ষর রাখেন।
পদক তালিকায় এবারও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটি ৬৬টি স্বর্ণ, ৫৮টি রৌপ্য ও ৫৫টি ব্রোঞ্জ জিতে শীর্ষস্থান অর্জন করে। দ্বিতীয় হয়েছে নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ। ক্লাবটি ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক লাভ করে। ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান দখল করে মেঘনা মোহনা সুইমিং ক্লাব।
ব্যক্তিগত পারফরম্যান্সেও কয়েকজন সাঁতারু উজ্জ্বল ছিলেন। ১৫-১৭ বছর বয়সী বালক বিভাগে মো. আব্দুল আজিম ১১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক জয়ের পাশাপাশি ৭টি নতুন জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতার সেরা বালক সাঁতারু নির্বাচিত হন।
অন্যদিকে ১৩-১৪ বছর বয়সী বালিকা বিভাগে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক জয়ের পাশাপাশি ৪টি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা বালিকা সাঁতারুর স্বীকৃতি অর্জন করেন।
ডাইভিংয়ে বালক বিভাগে সায়েদুল ইসলাম (বিকেএসপি) একটি স্বর্ণপদক জিতে সেরা ডাইভার নির্বাচিত হন। বালিকা বিভাগে অর্পা দাস তিনটি স্বর্ণপদক জয়ের পাশাপাশি একটি নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা ডাইভারের সম্মান অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিকেলে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি। তিনি বিজয়ীদের হাতে পদক ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে নতুন জাতীয় রেকর্ড গড়া প্রত্যেক সাঁতারুকে ৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের সাঁতার ও ডাইভিংয়ে নতুন প্রতিভা গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ভিত্তি আরও শক্তিশালী করবে।