EN ☀️
×

Follow Us

খেলা

নরওয়ে ম্যাচের আগে স্বস্তিতে ব্রাজিল

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

নরওয়ে ম্যাচের আগে স্বস্তিতে ব্রাজিল
অ অ

নরওয়ের বিপক্ষে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের ধাক্কা সামলে অবশেষে সেলেসাওদের অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। তিনি পুরোপুরি ম্যাচ ফিট না হলেও নরওয়ের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বার্সেলোনার এই উইঙ্গার। এই চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

শনিবার (৪ জুলাই) দলের অনুশীলনে আংশিকভাবে অংশ নিতে দেখা গেছে রাফিনিয়াকে। পুনর্বাসন প্রক্রিয়ার পাশাপাশি সতীর্থদের সঙ্গে হালকা অনুশীলনও করেছেন তিনি। দলের ট্রেইনিংয়ে তার এই ফেরা ইঙ্গিত দিচ্ছে—নরওয়ের বিপক্ষে ম্যাচে অন্তত বেঞ্চে থাকছেন তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি রাফিনিয়ার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, রাফিনিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং দলের প্রয়োজনে তাকে মাঠে নামানো হতে পারে।

আনচেলত্তি বলেন, "রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও সে এখনো শতভাগ ফিট নয়, তবু বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। প্রয়োজনের মুহূর্তে ও মাঠে নেমে কয়েক মিনিট অবদান রাখতে পারবে।" উইঙ্গারের ফেরার গুরুত্ব তুলে ধরে কোচ আরও যোগ করেন, "সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার দ্রুত ফিরে আসাটা দলের জন্য বড় স্বস্তির।"

ফুটবল বিশ্লেষকদের মতে, আর্লিং হাল্যান্ডের নরওয়ের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচে রাফিনিয়ার অভিজ্ঞতা ও গতিশীল ফুটবল ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি ধার আনবে। পুরো ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থা না থাকলেও, ম্যাচের ভাগ্য নির্ধারণে শেষ মুহূর্তে তাকে 'সুপার সাব' হিসেবে ব্যবহার করার দারুণ এক সুযোগ থাকছে আনচেলত্তির সামনে।

আরও পড়ুন