লন্ডনে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা
বিশ্বকাপে টাইগ্রেসদের সাফল্য কামনায় বাংলাদেশ হাইকমিশন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৩৬ এএম
ছবি: সংগৃহীত
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সম্মানে শুক্রবার (২৬ জুন) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে লন্ডস্থ বাংলাদেশ হাইকমিশন।
সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আন্তরিক অভ্যর্থনার জন্য বাংলাদেশ হাইকমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও সমর্থনে দল অনুপ্রাণিত হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপে ভালো ফলের জন্য দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের দোয়া কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম বাংলাদেশ নারী ক্রিকেট দলের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা শুধু মাঠেই নয়, দেশের লাখো কন্যাশিশু ও তরুণীর জন্য আত্মবিশ্বাস, সাহস ও অনুপ্রেরণার প্রতীক।
-6a3f453ab625d.jpg)
তিনি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে লাল-সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে বাংলাদেশের বাঘিনীরা।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী রবিবার (২৮ জুন) লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে মাঠে নামবে। জাতীয় দলের সাফল্য কামনায় দেশবাসীর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও শুভকামনা জানিয়েছেন।