বজ্রপাতের আশঙ্কায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ, এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ায় ফিফার সিদ্ধান্তে বন্ধ খেলা — এমবাপ্পের তৃতীয় বিশ্বকাপ গোলে ১-০ এগিয়ে ফ্রান্স
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৫২ এএম
ছবি: সংগৃহীত
ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের বিশ্বকাপ ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হলে ফিফা এ সিদ্ধান্ত নেয়।
স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এরই মধ্যে গ্যালারি প্রায় ফাঁকা হয়ে যায়।
নির্ধারিত সময়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু নাও হতে পারে। বজ্রপাতের পূর্বাভাস থাকায় সর্বশেষ বজ্রপাতের পর কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করে খেলা পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে ফিফা।
ম্যাচ বন্ধ হওয়ার আগেই দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে জাল কাঁপান ফরাসি এই তারকা। এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল। ম্যাচ সাময়িক বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ফ্রান্স।
