EN ☀️
×

Follow Us

খেলা

চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি আবদুস সাদেক

গত শনিবার (২০ জুন) সকালে ৮০ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি আবদুস সাদেক

ছবি: সংগৃহীত

অ অ

সকাল থেকে বনানী ডিওএইচএস মাঠে একে একে হাজির হতে থাকেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব তারকা খেলোয়াড়রা। শেষ বিদায়ে সবাই উপস্থিত হয়েছেন, দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি হকি খেলোয়াড় ও ফুটবলার আবদুস সাদেকের দ্বিতীয় জানাজায় উপস্থিত হয়ে চির বিদায় জানাতে।

রবিবার (২১ জুন) সকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বনানী ডিওএইচএস মাঠে। এরপর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন দেশের হকি দল ও আবাহনীর ফুটবল দলের প্রথম অধিনায়ক সাদেক।

দেশের ক্রীড়াঙ্গনের ধ্রুবতারা সাদেক ৮০ বছর বয়সে গতকাল শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় শনিবার বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার বায়তুস সোবহান জামে মসজিদে।

দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল, সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, দেশের কিংবদন্তি ফুটবলার গোলাম সরোয়ার টিপু, শেখ আশরাফ আলি, মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া, আবাহনীর ক্লাবের জালাল ইউনুস, বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান, হকি ফেডারেশনের সাবেক সম্পাদক সাজেদ আদেল ভুঁইয়া, বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, পরিচালক রফিকুল ইসলাম বাবুসহ অনেকে।

জানাজা শেষে বিসিবির পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণ করেন বিসিবি সভাপতি তামিম, পরিচালক রফিকুল ইসলাম বাবু। হকির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে অবদান রেখেছেন সাদেক। 

তার মৃত্যুতে শোক জানিয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সাদেক ভাইয়ের অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশের হকি দলের অধিনায়ক ছিলেন। ১৯৭২ সালে আবাহনী ক্লাব গড়ে তোলার পেছনে তিনি দারুণ ভূমিকা রেখেছিলেন।’ 

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘সাদেক ভাই ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। সব সময় সু-পরামর্শ দিতেন। ব্যক্তিগতভাবে তিনি দেশের সব খেলাকেই ভালোবাসতেন। কোনো খেলোয়াড় তার কাছ থেকে শূন্য হাতে ফিরেননি।’

হকির সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ‘সাদেক ভাইয়ের মতো মানুষ পাবো না আর কখনো। তার সঙ্গে তুলনা করার কাউকে আমি দেখি না। তিনি অসাধারণ একজন খেলোয়াড় ছিলেন। সবসময় তিনি আমাদের সবার খোঁজ-খবর রাখতেন। সত্যিকারভাবে আমরা দেশের ক্রীড়াঙ্গনের একজন কিংবদন্তিকে হারিয়েছি।’

হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) রিয়াজুল হাসান বলেন, ‘১৯৭৫ সালে সাদেক ভাইয়ের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল। তাঁর বিপক্ষে খেলার সময় মনে হতো, দাঁড়িয়ে থেকে তার খেলা দেখি। হকির জন্য তিনি সবসময় ভাবতেন।’

আরও পড়ুন