৮ কোটি ৪১ লাখ টাকার ক্রীড়া ভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম
অসচ্ছল, অসুস্থ, ও আহত ক্রীড়াসেবীদের সহায়তা এবং প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা ক্রীড়া ভাতা, ক্রীড়া শিক্ষা বৃত্তি এবং চিকিৎসা সহায়তা প্রদান করেছে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার (১৫ জুন) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি অর্থবছরে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, রাজস্ব বাজেট থেকে ১ হাজার ৭৯৭ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা বাবদ ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া সিডমানির লভ্যাংশ থেকে অসচ্ছল ও অসুস্থ ৪২ জন ক্রীড়াসেবীকে চিকিৎসা ও আর্থিক সহায়তা হিসেবে ৩২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিভাবান ও উদীয়মান ১ হাজার ৪২৩ জন ক্রীড়া শিক্ষার্থীকে ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে মোট ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন (বিইএফটিএন) পদ্ধতিতে সরাসরি অর্থ পাঠানো হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা দেশের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “যারা প্রকৃত অর্থে ক্রীড়া ভাতার যোগ্য এবং দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের কাছেই এ সহায়তা পৌঁছে দিতে চাই। আগামী বছরগুলোতে এই কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।”
সাবেক খেলোয়াড়দের কল্যাণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সহযোগিতায় অসচ্ছল সাবেক খেলোয়াড়দের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করা হবে। যোগ্য ক্রীড়াসেবীদের স্থায়ীভাবে ক্রীড়া ভাতার আওতায় আনার লক্ষ্যে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সময়োপযোগী পরিবর্তনের মাধ্যমে ক্রীড়াসেবী ভাতা প্রদান নীতিমালা আধুনিকায়ন করা হবে এবং ফাউন্ডেশনের কল্যাণমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ করা হবে।