বিশ্বকাপের পর্দা উঠছে রাতে
১৬ বছর পর সেই মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে উদ্বোধন
দুই দলের মোট ৪ ম্যাচে মেক্সিকো জিতেছে ২টি, দক্ষিণ আফ্রিকা ১টি, ড্র হয়েছে ১টি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
আজ রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকায় বাঁশি বাজবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের। মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ঠিক ১৬ বছর আগে ২০১০ বিশ্বকাপেও এই দুই দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ হয়েছিল। সেবার জোহানেসবার্গের সকার সিটিতে শাবালালার গোলের পর রাফায়েল মার্কেসের সমতা মেলানোয় ১-১ ড্র হয়েছিল ম্যাচটি।
এবারের আসরে ইতিহাস গড়তে যাচ্ছে মেক্সিকো— তিনটি বিশ্বকাপ আয়োজন করা প্রথম দেশ হিসেবে নিজেদের নাম লেখাবে তারা। তবে ঘরের মাঠের সুবিধার সঙ্গে আছে প্রত্যাশার প্রচণ্ড চাপও। ১৯৯৪ থেকে ২০২২ পর্যন্ত টানা সাত বিশ্বকাপে শেষ ষোলোর বেড়া পার হতে পারেনি মেক্সিকো। ফুটবলপ্রেমীদের কাছে এটি পরিচিত অভিশপ্ত ‘পঞ্চম ম্যাচ’ হিসেবে। এবার দল সংখ্যা বাড়ায় সেই অভিশাপ ঘোচাতে ‘ষষ্ঠ ম্যাচ’ পর্যন্ত যেতে হবে।
এই মনস্তাত্ত্বিক চাপ মোকাবেলায় ভিন্ন পথ বেছে নিয়েছেন কোচ হাভিয়ের আগুইরে। পুরো দলকে নিয়ে তিনি গেছেন দেশের নৃবিজ্ঞান জাদুঘরে। আগুইরে বলেন, ‘খেলোয়াড়দের জানা উচিত, আমরা ঠিক কোথা থেকে এসেছি।’ ক্যাম্পে এসেছিলেন কিংবদন্তি বক্সার হুলিও সিজার শাভেসও।
মাঠে মেক্সিকোর মূল অস্ত্র রাউল হিমেনেস। আর একটি গোল পেলেই তিনি দেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হবেন। আক্রমণে তাঁর পাশে থাকবেন সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্মে থাকা হুলিয়ান কিনোনেস। গোলরক্ষক গিয়োর্মো ওচোয়া আজ খেললে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলার বিরল রেকর্ড গড়বেন।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পরিষ্কার আন্ডারডগ হলেও দেশজুড়ে সমর্থনের ঢল বলে দিচ্ছে, বাফানা বাফানা এবার শুধু অংশ নিতে আসেনি। দেশের বাজারে ইতিমধ্যেই উধাও হয়ে গেছে জাতীয় দলের সব জার্সি। কোচ হুগো ব্রোস বলেছেন, ‘দেশের মানুষের জন্য আমরা মাঠে সিংহের মতো লড়াই করব।’
কৌশলের দিক থেকে ব্রোসের কাউন্টার-অ্যাটাকিং ফুটবল মেক্সিকোর রক্ষণভাগকে বেকায়দায় ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকা সাম্প্রতিক ১১টি ম্যাচের মধ্যে ৯টিতেই গোল করেছে।
উল্লেখ্য, আসতেকায় আগের দুই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো দলই জয়ের মুখ দেখেনি।
দুই দলের মোট ৪ ম্যাচে মেক্সিকো জিতেছে ২টি, দক্ষিণ আফ্রিকা ১টি, ড্র হয়েছে ১টি।