হীরক জয়ন্তী টুর্নামেন্ট
পাকিস্তানকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার (৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
মালদ্বীপে অনুষ্ঠিত আমন্ত্রণমূলক চার জাতির হীরক জয়ন্তী টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ও অভিজ্ঞ পাকিস্তান দলকে গোলশূন্য (০-০) ড্রয়ে রুখে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের তারুণ্যনির্ভর দলটির স্কোয়াডে কোনো প্রবাসী ফুটবলার ছিলেন না। অন্যদিকে, পাকিস্তান মাঠে নামিয়েছিল প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া তাদের অভিজ্ঞ সিনিয়র দল। তবে ম্যাচের শেষ আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলেও প্রতিপক্ষের আক্রমণভাগকে সফল হতে দেয়নি মারুফুল হকের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরে বাংলাদেশ। প্রথমার্ধেই গোল করার অন্তত তিনটি সহজ সুযোগ তৈরি করেছিল অলিম্পিক দলটি। তবে রক্ষণভাগ দুর্ভেদ্য হলেও আক্রমণভাগে যোগ্য ফিনিশারের অভাবে প্রথমার্ধে লিড নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশের রক্ষণভাগের কল্যাণে পাকিস্তানও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা নাটকীয় মোড় নেয়। খেলার ৬২ মিনিটে বাংলাদেশের মনজুরুল হক মানিককে বিতর্কিতভাবে লাল কার্ড দেখান রেফারি। এর আগে পাকিস্তানের গোলরক্ষক ও এক খেলোয়াড় বাংলাদেশের ফুটবলারকে ধাক্কা দিলেও রেফারি তা এড়িয়ে যান। লাল কার্ডের প্রতিবাদ করেও সিদ্ধান্ত বদলানো যায়নি।
১ জন কম নিয়ে খেলার সুযোগে বাংলাদেশের ওপর চড়াও হয় পাকিস্তান। ৬৬ মিনিটে পাকিস্তানের আলী হায়দার শাহর একটি দুর্দান্ত সাইড ভলি রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ। এরপর ম্যাচের বাকি সময়ে আরও কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলের ১ পয়েন্ট নিশ্চিত করেন তিনি। অনবদ্য পারফরম্যান্সের সুবাদে শ্রাবণের হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার (৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল।