বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ, অধিনায়কত্ব হারাতে পারেন শান মাসুদ
আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সম্ভাব্য নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এবার তার অধিনায়কত্বই ঝুঁকিতে পড়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, নতুন টেস্ট অধিনায়ক নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সিনিয়র রিপোর্টার সোহাইল ইমরান সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, শান মাসুদকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সম্ভাব্য নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।
২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শান মাসুদ। তবে শুরু থেকেই হতাশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ দিয়ে যাত্রা শুরু হয়েছিল। এ পর্যন্ত ১৬ টেস্টে তার নেতৃত্বে পাকিস্তান জিতেছে মাত্র ৪টি, হেরেছে ১২টিতে। জয়ের হার মাত্র ২৫ শতাংশ।
সিরিজের দ্বিতীয় টেস্টে সিলেটে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৯৭.২ ওভারে ৩৫৮ রানে অলআউট হয়ে ৭৮ রানে হেরে যায়। পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ১৬৬ বলে ৯৪ রান করে লড়াই চালিয়ে যান। সাজিদ খান দ্রুত ২৮ রান যোগ করেন।
বাংলাদেশের জয়ের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। এছাড়া নাহিদ রানা ২টি এবং শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট তুলে নেন।