সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে ১৫৬ রানের সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ১৫৬ রানের সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে টাইগাররা।
প্রথম দিন শেষে বিনা উইকেটে ২১ রান করা পাকিস্তান দ্বিতীয় দিনের শুরুতেই চাপে পড়ে যায়। তাসকিন আহমেদ দ্রুত দুই ওপেনার আজান আওয়াইসকে ১৩ ও আব্দুল্লাহ ফজলকে ৯ রানে ফিরিয়ে দলকে চমৎকার সূচনা এনে দেন।
এরপর অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম ৩৮ রানের জুটিতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তবে স্পিনার মেহেদি হাসান মিরাজ মাসুদকে ২১ রানে এবং পরে সৌদ শাকিলকে ৮ রানে ফিরিয়ে দিলে মাত্র ৭৯ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
সংকটের মুহূর্তে বাবর আজম ও সালমান আঘা ৬৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে কিছুটা স্বস্তি দেন। বাবর ১০টি চারে ৬৮ রান করে টেস্টে নিজের ৩১তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে পেসার নাহিদ রানার বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
বাবরের বিদায়ের পর তাইজুল ইসলামের ঘূর্ণিঝড়ে একে একে সালমান (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) ও হাসান আলিকে (১৮) ফিরিয়ে পাকিস্তানকে ২০০ রানের আশঙ্কায় ফেলে দেন তাইজুল। শেষ পর্যন্ত সাজিদ খানের ৩৮ রানের লড়াকু ইনিংস এবং খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের সঙ্গে শেষ দুই উইকেটে ৪৮ রান যোগ করে পাকিস্তানকে ২৩২ রানে নিয়ে যান। বোলিংয়ে তাইজুল ও নাহিদ রানা ৩টি করে এবং তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট নেন।
৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামা বাংলাদেশ চতুর্থ ওভারেই অভিষিক্ত ওপেনার তানজিদ হাসানকে (৪) হারায়। তবে এরপর মাহমুদুল হাসান জয় দুর্দান্ত ব্যাটিং করেন। মোমিনুলকে সঙ্গে নিয়ে ৯১ বলে ৭৬ রানের জুটি গড়েন তিনি। ওয়ানডে মেজাজে ব্যাট করে মাত্র ৫৮ বলে টেস্টে নিজের ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জয়। শেষ পর্যন্ত ১০টি চারে ৬৪ বলে ৫২ রান করেন তিনি।
মোমিনুল হক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে রান একশ ছাড়িয়ে নেন, তবে দলীয় ১১০ রানে শাহজাদের বলে ৩০ রানে আউট হন তিনি। দিন শেষে শান্ত ক্রিজে অপরাজিত থেকে বাংলাদেশকে নিরাপদ অবস্থানে রেখেছেন।
তৃতীয় দিনে বাংলাদেশ কত রান করে পাকিস্তানকে জয়ের লক্ষ্য দেয় এবং টাইগার বোলাররা পাকিস্তানকে সেই লক্ষ্যের মধ্যে আটকাতে পারে কিনা, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।