র্যাঙ্কিংয়ে শান্তর বড় লাফ, উন্নতি হয়েছে নাহিদ-মুমিনুলদেরও
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ এবং দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান শান্ত
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:০৮ পিএম
নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ১০৪ রানের ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই আইসিসি র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিশেষ করে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বর্তমানে তার অবস্থান ২৩ নম্বরে, যা তার টেস্ট ক্যারিয়ারের সেরা রেটিং। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০১ এবং দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন তিনি। সেই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার এবার মিলল র্যাঙ্কিংয়েও।
শান্তর পাশাপাশি বড় উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকেরও। প্রথম ইনিংসে ৯১ এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলে তিনি ১২ ধাপ এগিয়ে বর্তমানে ৩৫তম স্থানে রয়েছেন।
বোলিং বিভাগে নজর কেড়েছেন গতির তারকা নাহিদ রানা। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। এই বিধ্বংসী বোলিংয়ের সুবাদে ৫ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৬৪ নম্বরে উঠে এসেছেন রানা। এছাড়া বল হাতে কার্যকর ভূমিকা রাখা তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের র্যাঙ্কিংয়েও উন্নতি লক্ষ্য করা গেছে। মিরপুর টেস্টে এই দুজনই দুই ইনিংস মিলিয়ে ৪টি করে উইকেট দখল করেছিলেন।
মিরপুর টেস্টে দাপুটে জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নিজেদের ছাড়িয়ে গেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিশেষ করে তরুণ পেসারদের উত্থান এবং টপ অর্ডার ব্যাটারদের ফর্মে ফেরা আসন্ন সিরিজগুলোতে বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।