ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ের পথে ফিরল ব্রাজিল
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে জয়ের পথে ফিরে এসেছে ব্রাজিল। এনদ্রিক মাঠে নামার পরই আক্রমণে গতি ও ধার বাড়ায় ব্রাজিল। ম্যাচের ছন্দ বদলে যায়, ক্রোয়েশিয়ার সমতা ফেরানো সত্ত্বেও দ্রুতই জবাব দেয় সেলেসাওরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে দানিলো ব্রাজিলকে এগিয়ে দেন। পরে ক্রোয়েশিয়ার লভরো মায়ে সমতা ফেরালেও পেনাল্টি থেকে দেশের হয়ে প্রথম গোল করেন ইগো চিয়াগো। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন গেব্রিয়েল মার্তিনেল্লি।
প্রথমার্ধে বড় সুযোগ তৈরি করেন দানিলো এবং জোয়াও পেদ্রো। ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ দক্ষতার সঙ্গে সব শট রুখে দেন। তবে ভিনিসিউস জুনিয়রের চমৎকার ড্রিবলিংয়ের পর কাটব্যাক থেকে দানিলো প্রথম গোল নিশ্চিত করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রোয়েশিয়া চাপ সৃষ্টি করে, তবে ব্রাজিল প্রতিরোধ করতে সক্ষম হয়। ৮৪তম মিনিটে ক্রোয়েশিয়া সমতা ফেরালেও ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে চিয়াগো গোল করে পুনরায় এগিয়ে দেন ব্রাজিলকে। যোগ করা সময়ে এনদ্রিকের বাড়ানো বল থেকে মার্তিনেল্লি ব্যবধান বাড়িয়ে ম্যাচ শেষ করেন।
ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হারের পর এই জয়ে ব্রাজিল আন্তর্জাতিক বিরতি শেষ করেছে স্বস্তির সঙ্গে।
