তানজিদের সেঞ্চুরি, পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের অঘোষিত ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তানজিদ হাসান তামিম। তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ও আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে ২৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১০৫ রান। ইনিংসের ১৮.১ ওভারে সাইফ হাসান (৫৫ বলে ৩৬ রান) আউট হলে এই জুটি ভাঙে। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর (৩৪ বলে ২৭ রান) সাথে আরও ৫৩ রানের জুটি গড়েন তানজিদ।
পুরো ইনিংসজুড়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন তানজিদ তামিম। এর আগে ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রানের। আজ ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলি আগাকে ছক্কা মেরে ৯৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০৭ বলে ১০৭ রানের এই নান্দনিক ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি বিশাল ছক্কার মার। দলীয় ১৯৪ রানের মাথায় হারিস রউফের বলে তিনি সাজঘরে ফেরেন।
তানজিদ ফেরার পর হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা স্কোরবোর্ডে আরও ৬৮ রান যোগ করেন। লিটন ৫১ বলে ৪১ রান করে আউট হলেও হৃদয় অপরাজিত থাকেন ৪৪ বলে ৪৮ রানে। শেষ দিকে রিশাদ দ্রুত ফিরলেও আফিফের (৫*) সাথে মিলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের লড়াকু সংগ্রহ নিশ্চিত করেন হৃদয়।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হারিস রউফ, তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট নেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং রেডিও ভূমিতে সরাসরি সম্প্রচারিত এই ম্যাচটি এখন রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে এখন টাইগার বোলারদের অগ্নিপরীক্ষা।