টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত
অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আগে ব্যাটিং পাওয়ায় তিনি খুশি এবং ফাইনালকে ঘিরে তার দল পূর্ণ রোমাঞ্চ নিয়ে মাঠে নামছে।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টসের মুহূর্ত। ছবি: আইসিসি
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল। শিরোপা নির্ধারণী এই মহারণে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
ভারত এই মেগা ফাইনালে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে। টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা এবং শীর্ষ বোলার বরুণ চক্রবর্তীর সাম্প্রতিক ছন্দহীনতা নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত তাদের ওপরই আস্থা রেখেছে।
অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, আগে ব্যাটিং পাওয়ায় তিনি খুশি এবং ফাইনালকে ঘিরে তার দল পূর্ণ রোমাঞ্চ নিয়ে মাঠে নামছে।
অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার কোল ম্যাককনির পরিবর্তে আজ খেলছেন পেসার জ্যাকব ডাফি। কিউই অধিনায়ক স্যান্টনারের লক্ষ্য, ভারতকে একটি পরিমিত রানের মধ্যে আটকে রেখে লক্ষ্য তাড়া করে শিরোপা ঘরে তোলা।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে লাখো দর্শকের উপস্থিতিতে শুরু হতে যাওয়া এই লড়াইয়ে কার হাতে উঠবে বিশ্বসেরার ট্রফি, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।