টি-টোয়েন্টি বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকার গায়ে কি আবারও ফিরল ‘চোকার্স’ তকমা?
১৯৯২, ১৯৯৬, ২০১৫, ২০২৩ এবং ২০২৪-এর পর এই সেমিফাইনালটিও যোগ হলো তাদের ব্যর্থতার দীর্ঘ তালিকায়।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত
অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেও দীর্ঘদিনের ‘চোকার্স’ তকমা ঝেড়ে ফেলতে পারল না দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো প্রোটিয়াদের। দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা।
ম্যাচ শেষে দলের ব্যর্থতা নিয়ে প্রধান কোচ শুকরি কনরাড কিছুটা রসিকতার ছলেই বলেন, ‘আমি জানি না এটাকে ‘চোক’ বলা যায় কি না, আমার তো মনে হয়েছে এটা একেবারে বড় ধরনের মার। তবে আমি ছেলেদের নিয়ে গর্বিত। খুব কম মানুষই ভেবেছিল আমরা সেমিফাইনালে আসব, যদিও বিদায়টা কোনো সান্ত্বনা নয়।’
১৯৯১ সালে ক্রিকেটে ফেরার পর থেকে আইসিসির বড় আসরে নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকার রেকর্ড অত্যন্ত হতাশাজনক। গত কয়েক দশকে ২১টি নকআউট ম্যাচের মধ্যে ১৫টিতেই হেরেছে তারা।
-69a965f3471db.jpg)
১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই রান আউট বা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়ের কাছে গিয়েও ৭ রানের হার- প্রোটিয়াদের ইতিহাস যেন কেবলই আক্ষেপের।
১৯৯২, ১৯৯৬, ২০১৫, ২০২৩ এবং ২০২৪- এর পর এই সেমিফাইনালটিও যোগ হলো তাদের ব্যর্থতার দীর্ঘ তালিকায়।
সীমিত ওভারের ক্রিকেটে বারবার হোঁচট খেলেও ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দীর্ঘদিনের ট্রফি খরা কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সাদা বলের ক্রিকেটে 'চোকার্স' অপবাদ ঘোচাতে আরও অপেক্ষা করতে হবে তাদের।