চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্র: কে কার মুখোমুখি
ড্র’য়ের পর সবচেয়ে বড় লড়াই হিসেবে সামনে এসেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি’র ম্যাচটি।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ইউরোপ সেরার লড়াইয়ে উত্তেজনা চরমে। অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। ড্র’য়ের পরপরই মিলেছে একাধিক মহাযুদ্ধের ইঙ্গিত। ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো একে অপরের মুখোমুখি হওয়ায় নকআউট পর্ব শুরু থেকেই জমে উঠতে যাচ্ছে।
ড্র’য়ের পর সবচেয়ে বড় লড়াই হিসেবে সামনে এসেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি’র ম্যাচটি। সাম্প্রতিক মৌসুমগুলোতে এই দুই দলের দ্বৈরথ চ্যাম্পিয়নস লিগে এক আলাদা মাত্রা যোগ করেছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। দুই শিরোপাপ্রত্যাশীর একজনকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে শেষ ষোলোর পরই।
বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মুখোমুখি হবে চেলসি’র। গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা- সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইউরোপের মঞ্চে।
ইংলিশ জায়ান্ট লিভারপুল মুখোমুখি হবে গালাতাসারায়ের। অন্যদিকে, লিগ পর্বে শতভাগ জয়ে শীর্ষে থাকা আর্সেনাল পাবে কঠিন প্রতিপক্ষ বায়ার লেভারকুজেনকে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী গানার্সরা।
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা সফরে যাবে সেন্ট জেমস’ পার্কে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। জার্মান শক্তি বায়ার্ন মিউনিখ লড়বে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে।
ড্র’য়ের অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হচ্ছে- আতলেতিকো মাদ্রিদ বনাম টটেনহাম, বোদো/গ্লিম্ট বনাম স্পোর্টিং সিপি
দুই লেগ মিলিয়ে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ মার্চ, আর দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।