টি-টোয়েন্টি বিশ্বকাপ
রেকর্ড গড়া ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল উইন্ডিজ
১৯ বলে ফিফটি! হেটমায়ার ঝড়ে তছনছ রেকর্ড বই, জিম্বাবুয়ের হার ১০৭ রানে
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে উড়ছিল জিম্বাবুয়ে। কিন্তু সুপার এইটের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না সিকান্দার রাজার দল।
সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিবীয়দের দেওয়া ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ১০৭ রানের বড় ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি আসরের সর্বোচ্চ দলীয় রান।
ক্যারিবীয়দের এই পাহাড়সম সংগ্রহের নায়ক শিমরন হেটমায়ার। মাত্র ১৯ বলে ফিফটি করে তিনি ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম অর্ধশতকের রেকর্ড নিজের নামে করেন। শেষ পর্যন্ত ৩৪ বলে ৮৫ রানের (৭টি চার ও ৭টি ছক্কা) বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। এছাড়া অধিনায়ক রভম্যান পাওয়েল ৩৫ বলে ৫৯ এবং শেরফান রাদারফোর্ড মাত্র ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন।
২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ওপেনার মারুমানি ৮ বলে ১৪ রান করে ম্যাথিউ ফোর্ডের শিকার হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ১৪৭ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ১০৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৪/৪ (২০ ওভার); হেটমায়ার ৮৫, পাওয়েল ৫৯, রাদারফোর্ড ৩১*।
জিম্বাবুয়ে: ১৪৭/১০ (১৮.৪ ওভার); মারুমানি ১৪, রাজা ১২।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয়ী।
-699c8d9b2d6c6.jpg)