EN ☀️
×

Follow Us

খেলা

গুঞ্জনের ইতি টেনে রোনালদো বললেন, ‘সৌদি আরবেই থাকব’

ক্লাবের সাথে মান-অভিমান আর দলবদলের গুঞ্জন ছাপিয়ে মাঠে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

গুঞ্জনের ইতি টেনে রোনালদো বললেন, ‘সৌদি আরবেই থাকব’

ছবি: সংগৃহীত

অ অ

মাঠের বাইরে দলবদলের গুঞ্জন আর ক্লাবের সাথে সম্পর্কের টানাপড়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা নিজেই। আল হাজেমের বিপক্ষে জোড়া গোল করে দলকে জেতানোর পর সিআর-সেভেন সাফ জানিয়ে দিয়েছেন, সৌদি আরবে তিনি সুখে আছেন এবং এখানেই থাকতে চান।

সম্প্রতি গণমাধ্যমে খবর আসে, আল নাসরের দলবদল নীতি এবং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফার্মের (পিআইএফ) কর্মকাণ্ডে রোনালদো অসন্তুষ্ট। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে বড় বিনিয়োগ এবং আল নাসরের প্রতি অবহেলার অভিযোগে তিনি ক্ষুব্ধ ছিলেন বলে জানা যায়। এই অসন্তোষ থেকেই আল-রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে গুঞ্জন ওঠে। এমনকি তার আমেরিকান লিগে (এমএলএস) পাড়ি দেওয়ার খবরও চাউর হয়।

গত সপ্তাহে আল ফাতেহর বিপক্ষে গোল করে ফেরার ইঙ্গিত দিলেও শনিবার রাতে আল হাজেমের বিপক্ষে ম্যাচে রোনালদো ছিলেন অপ্রতিরোধ্য। ৪-০ গোলের বড় জয়ে তিনি একাই করেন দুই গোল। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আরও গোল পাওয়া উচিত ছিল, তবে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লিনশিট রাখতে পেরে এবং গোল পাওয়ায় আমি সত্যিই খুব খুশি।’


৪১ বছর বয়সেও রোনালদোর ধার কমেনি বিন্দুমাত্র। পেশাদার ফুটবলে ১০০০ গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন তিনি। আল হাজেমের বিপক্ষে জোড়া গোলের পর তার মোট গোল সংখ্যা এখন ৯৬৪। চলতি লিগে ২২ ম্যাচে ২০ গোল করে তিনি এখন ফর্মের তুঙ্গে।

ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কথা বলেন রোনালদো। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এখানে খুশি। আমি অনেকবার বলেছি, আমি সৌদি আরবের। এই দেশ আমাকে ও আমার পরিবারকে খুব উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। আমি এখানে ভালো আছি এবং এখানেই থাকতে চাই।’

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রোনালদো যোগ করেন, ‘আমরা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছি। আমাদের কাজ হলো জয়ধারা বজায় রাখা এবং প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখা। আমরা আত্মবিশ্বাসী এবং লক্ষ্যেই আছি।’

বর্তমানে ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আল হিলাল।

আরও পড়ুন