EN ☀️
×

Follow Us

খেলা

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ফর্মের তুঙ্গে থাকা জিম্বাবুয়ে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ছবি: সংগৃহীত

অ অ

অস্ট্রেলিয়াকে বিদায় করে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল তারা। এবার শ্রীলঙ্কাকেও তাদের ঘরের মাঠে হারিয়ে ‘বি’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সিকান্দার রাজার জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে তারা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ফর্মের তুঙ্গে থাকা জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। দলের জয়ে মূল ভূমিকা পালন করেন তরুণ তুর্কি ব্রায়ান বেনেট। ওপেনিং জুটিতে তাদিওয়ানাশে মারুমানিকে সঙ্গে নিয়ে ৬৯ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন তিনি। মারুমানি ২৬ বলে ৩৪ রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন বেনেট। শেষ পর্যন্ত তিনি ৪৮ বলে ৮টি চারের সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন।

মাঝপথে অধিনায়ক সিকান্দার রাজা ২৬ বলে ৪৫ রানের (৪টি ছক্কা ও ২টি চার) একটি বিধ্বংসী ইনিংস খেলে জয়কে হাতের নাগালে নিয়ে আসেন। এ ছাড়া ওয়ান ডাউনে নেমে ১২ বলে ২৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন রায়ান বার্ল। শ্রীলঙ্কার পক্ষে দুশান হেমন্ত ২ উইকেট নিলেও জিম্বাবুয়ের ব্যাটারদের দমাতে পারেননি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা ৪১ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। মিডল অর্ডারে পাভন রত্নায়েকে ২৫ বলে ৪৪ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন। জিম্বাবুয়ের পক্ষে বল হাতে সফল ছিলেন ব্লেসিং মুজারাবানি, ব্রাড ইভান্স ও গ্রায়েম ক্রেমার; তারা প্রত্যেকেই ২টি করে উইকেট শিকার করেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়া ছাড়া বাকি তিন ম্যাচেই (অস্ট্রেলিয়া, ওমান ও শ্রীলঙ্কা) জয় পেয়েছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সুপার এইটে পা রাখল তারা। অন্যদিকে সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাচ্ছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন