টি-টুয়েন্টি বিশ্বকাপ
আফগানদের হারিয়ে নিউজিল্যান্ডের রেকর্ডগড়া জয়
এই জয়টি তাদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে টি-টুয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করল নিউজিল্যান্ড। ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় স্যান্টনারের দল।
চেন্নাইয়ের মাটিতে নিউজিল্যান্ডের এই জয়টি তাদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড।
টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। গুলবাদিন নাইবের ক্যারিয়ারসেরা ৬৩ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সেদিকউল্লাহ আতাল ২৯ এবং রহমানউল্লাহ গুরবাজ ২৭ রান করেন। কিউই বোলারদের মধ্যে লকি ফার্গুসন ২টি উইকেট নেন এবং রাচিন রবীন্দ্র নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি উইকেট শিকার করেন।
১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় নিউজিল্যান্ড। মুজিব উর রহমানের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফেরেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। তবে শুরুর সেই চাপ সামাল দেন টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস।
তৃতীয় উইকেটে ফিলিপস ও সেইফার্টের ৭৪ রানের ঝোড়ো জুটি নিউজিল্যান্ডকে জয়ের পথে ফেরায়। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে বিদায় নিলেও সেইফার্ট ছিলেন অবিচল। মোহাম্মদ নবীর এক ওভারে চার-ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৫ রান।
শেষ দিকে ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান কোনো ঝুঁকি না নিয়ে ঠাণ্ডা মাথায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৮২/৬ (২০ ওভার); নাইব ৬৩, আতাল ২৯। ফার্গুসন ২/৩০।
নিউজিল্যান্ড: ১৮৩/৫ (১৭.৫ ওভার); সেইফার্ট ৬৫, ফিলিপস ৪২। মুজিব ২/২৭।
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।