ভারত-পাক ম্যাচ বর্জন, পিসিবির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে জিও স্টার
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে জিও স্টার মোটা অঙ্কের বিজ্ঞাপন ও রাজস্ব ক্ষতির মুখে পড়বে
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে টুর্নামেন্টের সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার। কৌশলগত কারণে এই আইনি প্রক্রিয়ায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি-কেও (ICC) সম্পৃক্ত করা হতে পারে বলে পিসিবি’র একটি সূত্র নিশ্চিত করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে জিও স্টার মোটা অঙ্কের বিজ্ঞাপন ও রাজস্ব ক্ষতির মুখে পড়বে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, এই ক্ষতি পুষিয়ে নিতে পিসিবি-কে বিপাকে ফেলতে মামলা করতে পারে মুকেশ আম্বানির মালিকানাধীন প্রতিষ্ঠানটি। সম্প্রচার প্রতিষ্ঠানের সাথে পিসিবি’র সরাসরি চুক্তি না থাকলেও আইসিসির সাথে চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি নিশ্চিত করার দায়িত্ব আইসিসির, যার ভিত্তিতেই বড় অঙ্কের অর্থ পরিশোধ করেছে জিও স্টার। ফলে চুক্তি ভঙ্গের দায়ে আইসিসি ও পিসিবি উভয়কেই আদালতে তোলার অধিকার রাখে তারা।
পিসিবি সূত্র বলছে, পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল থাকে, তবে আইনি দিক থেকে বেশ ব্যাকফুটে চলে যাবে মহসিন নাকভির বোর্ড। যদিও পাকিস্তান সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু আইনি বাধ্যবাধকতার ক্ষেত্রে এটি ধোপে টিকবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ, পাকিস্তান ইতোমধ্যেই নিরপেক্ষ ভেন্যুতে (শ্রীলঙ্কা) ম্যাচ খেলতে রাজি হয়েছে এবং ভারত সরকারও নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে কোনো বাধা দেয়নি।
পিসিবি-কে চাপে রাখতে আইসিসিও কঠোর অবস্থানে যাচ্ছে। গুঞ্জন রয়েছে, জিও স্টারের ক্ষতি পুষিয়ে দিতে পাকিস্তানের বার্ষিক রেভিনিউ (প্রায় ৩৫ মিলিয়ন ডলার) আটকে দিতে পারে আইসিসি। তবে এখনই চরম কোনো সিদ্ধান্ত না নিয়ে সমঝোতার পথ খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পরিস্থিতি সামলাতে আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।